ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস
ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলেও ভারতের অর্থনীতির শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদাকে ইতিবাচকভাবে দেখছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস। এসব বিবেচনায় ২০২৭ সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে সংস্থাটি।
মুডিসের নতুন পূর্বাভাস অনুযায়ী, ওই অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ। আগের পূর্বাভাসে এই হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ।
গত ১১ নভেম্বর মুম্বাই থেকে প্রকাশিত এক প্রতিবেদনে মুডিস জানায়, শক্তিশালী অভ্যন্তরীণ ভোগব্য, বিনিয়োগ পরিস্থিতির উন্নতি এবং সামষ্টিক অর্থনীতির দৃঢ় ভিত্তির কারণে মধ্যমেয়াদে প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে পারে ভারত।
সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ ভারত আগের ধারণার তুলনায় ভালোভাবে সামাল দিয়েছে। অপরিশোধিত তেল ও গ্যাস আমদানির উৎস বহুমুখী করা এ ক্ষেত্রে সহায়ক হয়েছে।
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলোর ভূমিকা এবং কর ছাড়ের মাধ্যমে সাধারণ ভোক্তাদের ওপর তাৎক্ষণিক মূল্যবৃদ্ধির চাপ কমিয়ে রাখার কৌশলও এই সক্ষমতার পেছনে কাজ করেছে বলে মুডিস উল্লেখ করেছে।
মূলধনি পণ্যের উৎপাদন ও আমদানি বৃদ্ধি, শিল্প খাতে ঋণ প্রবৃদ্ধির গতি বাড়া এবং উৎপাদন সক্ষমতার ক্রমবর্ধমান ব্যবহার ভারতের বেসরকারি বিনিয়োগে নতুন গতি ফেরার ইঙ্গিত দিচ্ছে বলে সংস্থাটি বলেছে। এসব সূচক দেশটিতে নতুন একটি বেসরকারি মূলধনি ব্যয় চক্রের সম্ভাবনা তৈরি করেছে।
এর আগে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের জিডিপি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছিল। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছাড়িয়ে যাওয়া সেই প্রবৃদ্ধির পেছনে শক্তিশালী ভোক্তা চাহিদা, বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদন খাতের দৃঢ় ভূমিকা ছিল।
তবে ইতিবাচক ধারার পাশাপাশি কয়েকটি ঝুঁকির কথাও উল্লেখ করেছে মুডিস। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে পারিবারিক ভোগব্যে চাপ তৈরি হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ঘাটতি কৃষি উৎপাদন ও গ্রামীণ চাহিদাকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কাও রয়েছে। কঠোর মুদ্রানীতির কারণে বেসরকারি বিনিয়োগের পুনরুদ্ধার ধীর হতে পারে বলেও সংস্থাটি বলেছে।
এদিকে বৃহস্পতিবার ভারতের অক্টোবর মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের কথা রয়েছে। রয়টার্সের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের পূর্বাভাস, ওই মাসে দেশটির সার্বিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৯৩ শতাংশে পৌঁছাতে পারে, যা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সহনশীলতার সীমার কাছাকাছি।
গত অক্টোবরে প্রায় চার বছরের মধ্যে প্রথমবারের মতো নীতি সুদহার বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ১২ মাসে সুদহার আরও ৯০ বেসিস পয়েন্ট বাড়ানো হতে পারে।



