…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

খুলনার ডুমুরিয়ায় শিকারিদের দৌরাত্ম্য আর জলাশয় ভরাটে কমে গেছে অতিথি পাখি

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছর শীতের শুরুতে খুলনার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া, মধুগ্রাম, মাগুরখালী, শোভনা, সাহস ও খর্ণিয়া ইউনিয়নের বিস্তীর্ণ বিল ও জলাশয়গুলোতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করত। নানা প্রজাতির পাখির আগমনে মুখর হয়ে উঠত এসব এলাকার বিল, ঘের ও জলাভূমি।

তবে গত বেশ কয়েক বছর ধরে আর দেখা মিলছে না এসব অতিথি পাখির। নিরাপদ আশ্রয় ও খাদ্যের সংকট, নির্বিচারে পাখি নিধন, অপরিকল্পিত মাছের ঘের তৈরি এবং জীববৈচিত্র্য বিনষ্ট হওয়াকে এর কারণ বলছেন ডুমুরিয়ার স্থানীয় সচেতন মহল ও পাখিপ্রেমীরা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, অতিথি পাখিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল উপজেলার বিল ডাকাতিয়ার একাংশ, গুটুদিয়া, রঘুনাথপুর, ভান্ডারপাড়া ও রংপুর ইউনিয়নের বিভিন্ন বিল-জলাশয়। এসব এলাকায় বালি হাঁস, ল্যান্জা হাঁস, চখাচখি, পানকৌড়ি, ডাহুক, সরালী ও কাইমসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির অতিথি পাখি আসত। খাবারের সন্ধানে সুদূর সাইবেরিয়াসহ শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে উড়ে আসত এসব পাখি।

সরেজমিনে জানা গেছে, সুযোগসন্ধানী এক শ্রেণির অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারি ফাঁদ পেতে এবং বিষটোপ দিয়ে নির্বিচারে অতিথি পাখি শিকারে মেতে উঠত। গোপনে বিভিন্ন স্থানে বসত এসব পাখি বিক্রির আসরও।

আইনগতভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জনসচেতনতার অভাব এবং নজরদারির ঘাটতির কারণে অবৈধভাবে অতিথি পাখি শিকার ও বিক্রি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। মাঝেমধ্যে কোনো কোনো বিলে গুটিকয়েক অতিথি পাখি চোখে পড়লেও শিকারিদের অত্যাচারে তারা অন্যত্র চলে যায়।

বিল ডাকাতিয়া পাড়ের কৃষক মজিবুর রহমান বলেন, আগে শীত মৌসুমে অতিথি পাখিদের বিচরণে মুখর থাকত বিলগুলো, দিন-রাত এসব পাখির কিচিরমিচির শোনা যেত। কিন্তু গত কয়েক বছর ধরে আর অতিথি পাখিরা আসে না। তাঁর ভাষ্য, বিলের প্রায় সব প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে গেছে কিংবা বাণিজ্যিক মাছের ঘেরে পরিণত হয়েছে; এসব জায়গায় মানুষের বিচরণ ও কোলাহল বেড়ে যাওয়ায় পাখিদের নিরাপদ বিচরণক্ষেত্র এখন অনিরাপদ হয়ে পড়েছে।

মাগুরখালী এলাকার বাসিন্দা মোহন মণ্ডল বলেন, তাঁদের এলাকার বিল ও নদীতীরবর্তী জলাশয়ে প্রচুর অতিথি পাখি আসত; দিনে এসব পাখি বিলে অবস্থান করত এবং সন্ধ্যা হতেই আশ্রয় নিত গ্রামের বিভিন্ন বাগান ও গাছগাছালিতে। এখন সেই দৃশ্য আর দেখা যায় না। শুধু অতিথি পাখিই নয়, বক ও ঘুঘুসহ দেশীয় প্রজাতির পাখিও কমে যাচ্ছে; অসাধু শিকারিরা এগুলোকেও মেরে ফেলছে বলে তিনি জানান।

উপজেলা সদরের বাসিন্দা পাখিপ্রেমী ও সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম বলেন, একসময় ডুমুরিয়ার প্রায় সবকটি বিলেই অতিথি পাখিরা আসত, বিলগুলো ছিল পাখিদের অভয়াশ্রম। কিন্তু জলাভূমির ধরন বদলে যাওয়ায় ও গাছপালা কমে যাওয়ায় এখন আর দেখা মেলে না এসব পাখির।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার জানান, একসময় এ উপজেলার বিলগুলোতে প্রচুর অতিথি পাখি আসত বলে তিনি শুনেছেন; এখন পরিবেশগত নানা কারণে তা কমে গেছে। তবে কেউ অবৈধভাবে পাখি শিকার করলে বা বন্য পাখির ক্ষতিসাধন করলে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিথি পাখিসহ দেশীয় যেকোনো পাখি শিকার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ এবং বন্যপ্রাণী রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে বন্য পাখিদের নিরাপত্তা বিধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও আরও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে বলে প্রশাসন জানিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

নারী যাত্রীদের জন্য ১০০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারী যাত্রীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার।…

আবহাওয়া ও পরিবেশ

দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট, ৪৮-৭২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সিস্টেম…

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শনিবার (১৪ নভেম্…

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না
আবহাওয়া ও পরিবেশ

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না

শৈশবে চোখের সামনে দেখেছেন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ। সেই স্মৃতি থেকেই উপকূলের মানুষের দুর্ভোগ ও জলবায়ু সংকট নিয়ে কাজের অনুপ্রেরণা পেয়েছ…