শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করতে হবে: চট্টগ্রামে ডা. শাহাদাত
শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশের পাশাপাশি তাদের পরিবেশ সচেতন, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুহা ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত সায়েন্স ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি শহরকে সুন্দর ও টেকসই করতে হলে সবার আগে সেই শহরের প্রতি নাগরিকদের ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। চট্টগ্রাম শুধু কোনো জনপ্রতিনিধি বা প্রশাসকের শহর নয়, এটি সবার শহর; এই শহরকে নিজেদের মনে করতে পারলেই একে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুহা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড জুনিয়র স্কুলের ফাউন্ডার্স চেয়ারম্যান হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও ড. ইয়াসির আরাফাত। এ সময় মোহাম্মদ আবদুল কাদেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই নগর গড়ে তোলা বর্তমান প্রজন্মের দায়িত্ব। এ জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তর করতে হবে। জলাবদ্ধতা ও ডেঙ্গু সমস্যার সঙ্গে নাগরিকদের অসচেতনতার সরাসরি সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তাঁর ভাষ্য, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও অন্যান্য বর্জ্য ফেলার কারণে ড্রেন-নালা বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব পরিত্যক্ত বর্জ্যে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ।
তিনি বলেন, বাসাবাড়ি ও রাস্তাঘাটের বর্জ্য শেষ পর্যন্ত নালা-নর্দমা হয়ে খালে এবং সেখান থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। তাই কর্ণফুলী নদীকে রক্ষা করতে হলে প্রথমে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হতে হবে। একই সঙ্গে পাহাড় কাটা বন্ধ, পরিবেশদূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নগরের ফুটপাত দখল প্রসঙ্গে প্রশাসক বলেন, ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য, ব্যবসা পরিচালনার জন্য নয়। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালানোর পরও অনেক সময় আবার দখল হয়ে যায়; শুধু প্রশাসনের অভিযানে স্থায়ী সমাধান সম্ভব নয়, নাগরিকদেরও প্রতিবাদী ও দায়িত্বশীল হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিউমার্কেট এলাকায় হকারদের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত সাপ্তাহিক ভিত্তিতে একজন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী রাখার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। অনেক মেধাবী শিক্ষার্থী নানা মানসিক চাপ ও ব্যক্তিগত সমস্যার কারণে নিজেদের প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে পারে না; একজন মনোবিজ্ঞানী তাদের আচরণ, মনোযোগ ও মানসিক অবস্থার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন।
সায়েন্স ফেয়ার-২০২৬ আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ড শিক্ষার্থীদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে এবং নতুন কিছু করার সাহস জোগায়। আগামী দিনের বাংলাদেশ ও চট্টগ্রামকে নেতৃত্ব দেবে আজকের শিশুরাই; তাই তাদের বিজ্ঞানমনস্ক, পরিবেশ সচেতন, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।



