কুষ্টিয়ায় এমপির বাসায় আগুনের রাতে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার কায়সার কামাল

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বাসায় রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পর মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা সংসদে জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। গভীর রাতে স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বপ্রাপ্তদের ফোন করেও কাউকে পাননি বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে দ্বিতীয় দফায় বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে এসব কথা বলেন কায়সার কামাল।
ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও যখন কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের। তিনি জানান, মধ্যরাত দুইটার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলেও তাঁকে পাননি।
এরপর আইনমন্ত্রীকে কল দেওয়া হলেও তাঁকেও পাওয়া যায়নি। পরবর্তীতে রাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তাঁর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে ডেপুটি স্পিকার জানান।
তবে দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন যে এ বিষয়ে একটি তদন্ত চলছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা ইনভেস্টিগেশনটা পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।’



