যুক্তরাজ্যে সাংবাদিকদের ওপর হামলার ষড়যন্ত্রে ইরানি বংশোদ্ভূত দুজন দোষী সাব্যস্ত

যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিকদের ‘শেষ করে দেওয়ার’ পরিকল্পনায় নজরদারি চালানোর অভিযোগে ইরানি বংশোদ্ভূত দুজনকে দোষী সাব্যস্ত করেছে লন্ডনের একটি আদালত। মোস্তফা সেপাহভান্দ (৪১) ও ফারহাদ জাভাদি মানেশ (৪৬) তেহরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করতে পারে—এমন আচরণে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
আদালতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়োগ পাওয়া এই দুজন ২০২৪ সালের আগস্ট থেকে গত বছরের মার্চ পর্যন্ত লক্ষ্যবস্তুদের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ করেছেন, যাতে তাঁদের ওপর সহিংস হামলা চালানো যায়।
লক্ষ্যবস্তুদের মধ্যে ছিলেন লন্ডনভিত্তিক ফারসি সম্প্রচারমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দুই সাংবাদিক মোজতাবা পুরমোহসেন ও কামবিজ হোসেইনি এবং ‘ইউকে লইয়ার্স ফর ইসরায়েল’-এর প্রতিষ্ঠাতা সদস্য জোনাথন টার্নার।
অভিযুক্তরা লক্ষ্যবস্তুদের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানাগুলোতে গিয়েছিলেন, ছবি ও ভিডিও তুলেছিলেন এবং চ্যাটজিপিটিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁদের সম্পর্কে তথ্য খুঁজেছিলেন।
আদালতে আরও বলা হয়, সেপাহভান্দ পুরমোহসেনের বাড়ির ঠিকানা খুঁজতে চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন। পুরমোহসেনের ওপর সহিংস হামলা চালিয়ে তাঁকে ‘শেষ করে দেওয়ার’ বিনিময়ে তিনি দেড় লাখ পাউন্ড পাওয়ার আশা করেছিলেন।
২০২৪ সালের ডিসেম্বরে পুরমোহসেনের ওপর নজরদারির সময় সেপাহভান্দ হোয়াটসঅ্যাপে তাঁর হ্যান্ডলারের সঙ্গে কথা বলেন। ওই হ্যান্ডলার নিজেকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার ‘আমিন’ হিসেবে পরিচয় দিতেন বলে আদালতে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউটর বিল এমলিন জোন্স কেসি আদালতে বলেন, ইরান ও দেশটির শাসকেরা ভিন্নমত সহ্য করতে পারে না। তাঁর ভাষায়, বিদেশে থাকা প্রতিপক্ষ, সমালোচক বা ভিন্নমতাবলম্বীদের নির্মূল করা ইসলামি প্রজাতন্ত্রের নিয়মিত নীতি, এবং এই দুজন প্রকাশ্য গুপ্তচরবৃত্তির মতো কাজে জড়িত ছিলেন।
ব্যঙ্গশিল্পী ও সাংবাদিক কামবিজ হোসেইনি (৫১) হুমকির মুখে বাড়ি ছাড়তে ও স্ট্যান্ডআপ কমেডির কাজ বন্ধ করতে বাধ্য হন। তাঁকে গাড়ির ছবিসহ বার্তা পাঠিয়ে বলা হয়েছিল, পরের বার ইঞ্জিন চালু করলেই গাড়িটি বিস্ফোরিত হবে। ইরানে থাকা তাঁর পরিবারও হুমকি পায় এবং পরিবারটিকে দেশ ছাড়তে হয়।
সেপাহভান্দের দাবি ছিল, তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল এবং তিনি কখনোই হামলাটি করতে চাননি; টার্নারকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগও তিনি অস্বীকার করেন। মানেশের দাবি, তিনি ইরান ইন্টারন্যাশনালের ভবনের ছবি তুলেছিলেন কারণ ভবনটি ‘সুন্দর’ ছিল এবং তিনি জানতেন না যে তাঁরা ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন।
জুরি সেপাহভান্দকে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা ও প্রস্তুতিমূলক আচরণ—দুই অভিযোগেই দোষী সাব্যস্ত করেছে। মানেশ সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হলেও প্রস্তুতিমূলক আচরণের অভিযোগ থেকে খালাস পেয়েছেন। ইলিংয়ের শাপুর নুরি (৫৭) দুই অভিযোগ থেকেই খালাস পেয়েছেন।
বিচারপতি মিসেস জাস্টিস চিমা-গ্রাব ১৭ ডিসেম্বর ওল্ড বেইলিতে সাজা ঘোষণার আগে সেপাহভান্দ ও মানেশকে হেফাজতে পাঠিয়েছেন।


