তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণ ‘অনিবার্য’, বললেন শি জিনপিং; প্রত্যাখ্যান তাইপের
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানের সঙ্গে মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়িত হবে এবং তা নিশ্চিতভাবেই হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ‘পুনরেকত্রীকরণের’ আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাসের গতিধারা থামানো সম্ভব নয়। তাঁর ভাষায়, তাইওয়ান প্রশ্নের সমাধান চীনের কমিউনিস্ট পার্টির ‘অটল ঐতিহাসিক দায়িত্ব’। তবে বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের কোনো উল্লেখ করেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে শি জিনপিং এসব কথা বলেন। সান ইয়াত-সেন ১৯১১ সালের সেই বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন, যার মধ্য দিয়ে চীনে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সম্রাটদের শাসনের অবসান ঘটে ও চীন প্রজাতন্ত্রের সূচনা হয়।
শি বলেন, চীন ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে অবিচল রয়েছে। ‘এক চীন নীতি’ বজায় রেখে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতেও বেইজিং প্রস্তুত বলে জানান তিনি। ‘এক চীন নীতি’ বলতে বেইজিংয়ের সেই অবস্থানকে বোঝায়, যেখানে বলা হয় তাইওয়ান প্রণালীর দুই পাশই একই দেশের অংশ।
তিনি আরও বলেন, তাইওয়ানসহ সব চীনা নাগরিকের উচিত একযোগে তাইওয়ানের স্বাধীনতাকামী ‘বিচ্ছিন্নতাবাদী’ শক্তির বিরোধিতা করা এবং প্রণালীর দুই পাশের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে কাজ করা।
চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। তবে বেইজিংয়ের এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তাইপে। তাইওয়ানের জন্য চীন বারবার ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মডেলের স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়ে আসছে; কিন্তু তাইওয়ানের প্রধান রাজনৈতিক দলগুলোর কোনোটি এই মডেল সমর্থন করে না।
শি জিনপিংয়ের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, তাইওয়ান সরকার কিংবা জনগণ কেউই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে নিতে পারে না, কারণ শেষ পর্যন্ত এর অর্থ দাঁড়াবে চীনা কমিউনিস্ট পার্টির কর্তৃত্ববাদী শাসনের কাছে আত্মসমর্পণ করা।
কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়ে সাংবাদিকদের বলেন, ‘তাইওয়ানের পুনরেকত্রীকরণ নিয়ে বক্তব্যের ভাষায় নতুন কিছু নেই। আগের অবস্থানের সঙ্গে এর তেমন কোনো পার্থক্য নেই।’
শি জিনপিংয়ের বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের প্রসঙ্গ না থাকলেও তাইওয়ান দখলে বলপ্রয়োগের সম্ভাবনা কখনোই নাকচ করেনি চীন। দ্বীপটির চারপাশে প্রতিদিনই সামরিক তৎপরতা চালাচ্ছে চীনা সামরিক বাহিনী; একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ও কার্যক্রমের পরিধিও বাড়াচ্ছে দেশটি।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দ্বীপটির চারপাশে চীনের ২৯টি সামরিক উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোনসহ এসব উড়োজাহাজ চীনা যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয় করে তাইওয়ানের আশপাশে ‘যৌথ যুদ্ধপ্রস্তুতি টহল’ পরিচালনা করেছে।


