নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে হইচই: পেট্রল বোমার চিহ্ন মেলেনি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী; পাল্টা প্রশ্ন বিরোধীদের

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ঘিরে জাতীয় সংসদে হইচই ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, চারটি পেট্রল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন লাগানো হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রাথমিক তদন্তে পেট্রল বোমা ব্যবহারের কোনো চিহ্ন পাওয়া যায়নি; বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুন লেগে থাকতে পারে।
বৃহস্পতিবার বিকেলে সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাড়িটিতে চারটি পেট্রল বোমা মেরে আগুন লাগানো হয়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সেখানে পেট্রল বোমা ব্যবহার করা হয়নি।
মাগরিবের নামাজের বিরতির পর প্রশ্নোত্তর পর্ব শেষ হলে নাহিদ ইসলাম আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভিডিও ফুটেজ ও তথ্যের কথা বলেছেন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় থাকা ভিডিও ফুটেজটি দেখলে স্পষ্ট বোঝা যায়, বাইরে থেকে কোনো কিছু নিক্ষেপ করার কারণেই মুহূর্তে পুরো বাড়িতে আগুন জ্বলে ওঠে।
নাহিদ ইসলাম বলেন, ওই বাড়ি পরিত্যক্ত ছিল না, সেখানে মানুষ বসবাস করতেন; গতকাল রাতেও বাড়িতে মানুষ ছিলেন। কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন সেখানে থাকতেন। তাঁর ভাষায়, গতকাল রাতে সেখানে মানুষ মারা যেতে পারতেন।
তিনি আরও দাবি করেন, নুসরাত তাবাসসুমকে গত কয়েক দিন ধরে ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ফলে ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে ‘পতিত ফ্যাসিস্ট শক্তির’ উল্লাস দেখা গেছে এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেরাই এ ঘটনার দায় স্বীকার করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষায়, তাঁরা আশা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জানাবেন কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচার করা হবে; কিন্তু তিনি এসে পুরো বিষয়টি অস্বীকার করেছেন।
এরপর আবার বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তিনি তথ্যসমৃদ্ধ বক্তব্য দিয়েছেন; আগের রাতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। বিরোধীদলীয় চিফ হুইপ বলছেন আগুন লাগানো হয়েছে—কিন্তু তদন্ত কি শেষ হয়ে গেছে, প্রশ্ন তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। তাঁদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় যদি একটু শোনেন খুশি হব। আপনারা পরে বক্তব্য রাখতে চাইলে স্পিকারের অনুমতি নিয়ে বলতে পারবেন।’ এরপর মন্ত্রী আবারও ঘটনার বিবরণ তুলে ধরে প্রাথমিক তদন্তে পেট্রল বোমার চিহ্ন না থাকার কথা বললে বিরোধী সদস্যরা আবারও হইচই করে প্রতিবাদ জানান। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা চাইলে তিনি বক্তব্য বন্ধ করতে পারেন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীকে বক্তব্য অব্যাহত রাখার আহ্বান জানান। কিছুক্ষণ বক্তব্য বন্ধ করে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী; তখন সরকারি ও বিরোধী দলের সদস্যরা হট্টগোল চালিয়ে যান। ওই সময় এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসউদ ও মাহমুদা আলম মিতু দাঁড়িয়ে মাইক ছাড়া কথা বলতে থাকেন। ডেপুটি স্পিকার হান্নান মাসউদকে বসে পড়ার অনুরোধ করে বলেন, এভাবে সংসদে কথা বলা সমীচীন নয়; স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন, তাঁকে বক্তব্য দিতে বাধা দেওয়া কোনো অবস্থাতেই উচিত নয় এবং প্রয়োজনে পরে বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে।
এরপর আবার বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আশা করেছিলেন নবীন বন্ধুরা সংসদীয় সংস্কৃতি অনুসরণ করবেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বাড়িতে দুটি ছাগল থাকার প্রসঙ্গ তুললে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করেন। এ সময় মাহমুদা আলম মিতুকে মাইক ছাড়া বলতে শোনা যায়, ‘হুমকি আমরা পাই, আপনারা পান না। তাই বোঝেন না।’ হান্নান মাসউদ বলেন, ‘আমরা নিয়মিত হুমকি পাই।’
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও পেট্রল বোমা নিক্ষেপ করা হলে তার চিহ্ন থাকবে; সেটি তদন্ত করে দেখতে বলা হয়েছে। অন্য কোনোভাবে আগুন লাগলে তদন্তের পর তা জানা যাবে।
তিনি বলেন, ‘একটা দুঃখজনক ঘটনা হয়েছে। এখানে যদি কোনো রকমের নাশকতা থাকে, আগুন লাগানোর ঘটনা থাকে, তাহলে সেটি সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। যদি আগুন লেগে থাকে এক্সিডেন্টালি, সেটা তদন্ত রিপোর্টের পরে বলা যাবে। এখন শুধুমাত্র সরকারকে দোষারোপ করার জন্য কোনো বাড়িতে যদি আগুন লেগে গিয়ে থাকে, সেটার উপরে পুরো সরকারকে দোষারোপ করার জন্য কোনো বক্তব্য দেওয়া সমীচীন নয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তদন্ত কেবল শুরু হয়েছে এবং তাঁরা কাউকে দোষারোপ করতে চান না। নাশকতামূলক কর্মকাণ্ড হয়ে থাকলে বা ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকলে সেটিও তদন্তে বেরিয়ে আসবে; তবে আগের মতো ঢালাওভাবে কাউকে দায়ী করতে চান না তাঁরা।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষে ফ্লোর চান নাহিদ ইসলাম, তবে তাঁকে ফ্লোর দেওয়া হয়নি। তাঁকে মাইক ছাড়া বলতে শোনা যায়, তদন্ত না করে স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলে দিচ্ছেন এটি শর্ট সার্কিটে হয়েছে।
পরে ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা ঘটলে তা অত্যন্ত উদ্বেগের। তিনি জানান, রাত ১টা ২০ বা ২৫ মিনিটের দিকে একজন সহকর্মী এ বিষয়ে তাঁকে ফোন করেন; এরপর তিনি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিলেও পাননি, আইনমন্ত্রীকেও পাননি এবং রাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকেও ফোন দিয়ে পাননি।
ডেপুটি স্পিকার আরও বলেন, দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইনভেস্টিগেশনটা পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।’



