চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০ ডিসেম্বর ক্যাম্পাস সাংবাদিকদের জাতীয় উৎসব, নিবন্ধন ১৭ নভেম্বর পর্যন্ত
দেশের সব ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’। দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ ফেস্টের এবারের আয়োজক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফেস্টের সদস্য সচিব ও চবিসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাজ আলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ফেস্ট অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রতিনিধিরা আগামী ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। জনপ্রতি নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। আগ্রহী প্রতিনিধিরা নির্ধারিত নিবন্ধন ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।
‘সত্য, সাহস এবং সংগ্রামে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০টি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। দেশের বিভিন্ন প্রান্তের তরুণ ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে ‘বেস্ট ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিস্ট অ্যাওয়ার্ড’, সেমিনার, প্যানেল আলোচনা, স্টোরিটেলিং সেশন, নির্বাচিত সংবাদ প্রদর্শনী, ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট।
‘বেস্ট ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড’-এর আওতায় তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। ইনভেস্টিগেটিভ নিউজ বিভাগে গভীর অনুসন্ধান ও গবেষণাভিত্তিক প্রতিবেদন, ফিচার নিউজ বিভাগে সৃজনশীল, তথ্যবহুল ও মানবিক গল্পভিত্তিক প্রতিবেদন এবং টেলিভিশন-মাল্টিমিডিয়া বিভাগে সেরা প্রতিবেদনকে স্বীকৃতি দেওয়া হবে।
এ ছাড়া সেমিনারে সাংবাদিকতার সমসাময়িক বিষয়, চ্যালেঞ্জ ও নতুন প্রবণতা নিয়ে আলোচনা হবে। প্যানেল আলোচনায় দেশের গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক ও ব্যক্তিত্বরা অংশ নেবেন। স্টোরিটেলিং সেশনে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরা হবে। পাশাপাশি থাকছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচিত সংবাদ প্রদর্শনের ব্যবস্থা।
আয়োজন প্রসঙ্গে সদস্য সচিব মুনতাজ আলী বলেন, ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট শুধু একটি উৎসব নয়; এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত হওয়ার, অভিজ্ঞতা বিনিময়ের এবং নিজেদের পেশাগত দক্ষতা শাণিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমাদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের মধ্যে সত্যনিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের অংশগ্রহণে উৎসবটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশাবাদী। আয়োজনটি সফল করতে সকল ক্যাম্পাস সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।’
