চট্টগ্রামে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাঠ্যবই ও নগদ অর্থ দিল যুব ছাত্র ফোরাম
চট্টগ্রাম যুব ছাত্র ফোরামের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে পাঠ্যবই ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
সংগঠনটি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণির পাঠ্যবই ও নগদ অর্থ বিতরণ করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের পাঠানটুলির খান বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর এবং ২৩ নম্বর ওয়ার্ড মহল্লা সুরক্ষা কমিটির চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খান।
অনুষ্ঠানে নিয়াজ মোহাম্মদ খান বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তাঁর ভাষায়, শিক্ষাকে শুধু সনদ অর্জনের মাধ্যম হিসেবে না দেখে মানবসম্পদ উন্নয়নের মূল ভিত্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি বলেন, এ লক্ষ্যে বাজেটে বরাদ্দ বৃদ্ধি, কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং আনন্দময় শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিয়াজ মোহাম্মদ খান আরও বলেন, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশেষ অনুদান ও উপবৃত্তিসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এসব উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে, যাতে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়।
তিনি ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুব ও ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইফাজ খান। এছাড়া ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, এ এস এম নাসির, ফারুক, আব্দুল আজিম ও আব্দুল আজিজসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




