বৃষ্টির প্রবণতা কমেছে, কয়েক দিন প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশের আবহাওয়া

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিক ২৪ ঘণ্টার পূর্বাভাসগুলোতেও একই চিত্রের কথা বলা হয়েছে — অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, প্রধানত শুষ্ক আবহাওয়া এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকা।
তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।



