টেকনাফ ও উখিয়া সীমান্তে বিজিবির তিন অভিযানে প্রায় ৩০ কোটি টাকার ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযানগুলো চালায়।
সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে হ্নীলায়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে হ্নীলার জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে আসা একটি নৌকা দেখতে পায় বিজিবি। নৌকা থেকে কয়েকজন কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে কেওড়াবনে অবস্থান নেয়।
বিজিবির টহল দল স্পিডবোট নিয়ে এগিয়ে গেলে কারবারিরা গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে কারবারিরা ইয়াবাভর্তি বস্তা পানিতে ফেলে নৌকায় করে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে এক লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামের এক যুবককে আটক করে বিজিবি।
তৃতীয় অভিযানটি চলে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে। রাত ৯টার দিকে সেখানে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামের আরেক যুবককে আটক করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধার করা এসব মাদকের বাজারদর প্রায় ৩০ কোটি টাকা।
মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স বলে উল্লেখ করেন তিনি। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে পেশাদারিত্ব, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।



