…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

১ হাজার ১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্পে গাছ কাটা শুরু, মাতারবাড়ীমুখী যাতায়াতে কমবে প্রায় এক ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
১ হাজার ১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্পে গাছ কাটা শুরু, মাতারবাড়ীমুখী যাতায়াতে কমবে প্রায় এক ঘণ্টা
ছবি: সংগৃহীত

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল ঘিরে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ১ হাজার ১৮৩ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পের প্রস্তুতি হিসেবে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকায় গাছ কাটা শুরু হয়েছে।

এ প্রকল্পের অধীনে আনোয়ারা থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া ও বদরখালী হয়ে কক্সবাজারের চকরিয়া পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করা হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্ত করা হবে। বর্তমানে প্রায় ১৮ ফুট প্রশস্ত সড়কের অংশগুলো ৩৪ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। মোট ব্যয়ের মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য রাখা হয়েছে ৩৪১ কোটি টাকা। বাকি অর্থ সড়ক প্রশস্তকরণ, নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্ণফুলী টানেল চালুর পর দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম নগরের যোগাযোগ সহজ হয়েছে। তবে কক্সবাজার ও মাতারবাড়ীমুখী সড়কব্যবস্থার সীমাবদ্ধতায় টানেলের অর্থনৈতিক সম্ভাবনার পুরোপুরি সদ্ব্যবহার সম্ভব হচ্ছে না। সরু সড়ক, যানজট ও দীর্ঘ পথ ঘুরে চলাচলের কারণে পণ্য পরিবহনে সময় ও ব্যয় বাড়ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন মহাসড়ক চালু হলে কর্ণফুলী টানেল থেকে কালাবিবির দিঘি, বাঁশখালী, টইটং, পেকুয়া ও মাতামুহুরী হয়ে বদরখালী এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে সরাসরি যাতায়াত সম্ভব হবে।

বর্তমানে মাতারবাড়ীগামী যানবাহনকে টানেল হয়ে আনোয়ারা, শিকলবাহা ওয়াই জংশন, পটিয়া বাইপাস, গাছবাড়িয়া ও চকরিয়া ঘুরে যেতে হয়। নতুন পথ চালু হলে মাতারবাড়ীমুখী যাতায়াতের দূরত্ব আনুমানিক ৪০ থেকে ৪৫ কিলোমিটার এবং সময় প্রায় এক ঘণ্টা কমতে পারে।

বিকল্প সড়কটি ব্যবহার করলে কক্সবাজারগামী যানবাহনের প্রায় ৩০ কিলোমিটার পথ ও ৪৫ মিনিট সময় সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

সওজ কর্মকর্তারা বলছেন, নতুন যোগাযোগব্যবস্থা গড়ে উঠলে কর্ণফুলী টানেলের ব্যবহার বাড়বে এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর চাপ কমবে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, আনোয়ারার শিল্পাঞ্চল ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনও সহজ হবে।

সড়ক প্রশস্তকরণের প্রস্তুতি হিসেবে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে সড়কের দুই পাশের গাছ কাটা শুরু হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ এবং বিদ্যমান অবকাঠামো অপসারণকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাঁশখালীসহ বিভিন্ন স্থানে সড়কের বাঁক প্রশস্ত করতে অতিরিক্ত জমির প্রয়োজন হবে; ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ না হলে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, “দরপত্র প্রক্রিয়া শেষে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে বন বিভাগের মাধ্যমে গাছ কাটার কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে সড়ক নির্মাণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।” তবে প্রকল্পের কারণে কী পরিমাণ গাছ কাটা পড়বে, সে তথ্য জানাতে পারেননি তিনি।

আনোয়ারা পেশাজীবী পরিষদের সদস্য ও ব্যাংকার এস এম মঈন উদ্দীন আজাদ বলেন, “কর্ণফুলী টানেল নির্মাণের পর দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেড়েছে। তবে কক্সবাজারমুখী সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কারণে এখনো প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।”

এস এম মঈন উদ্দীন আজাদ আরও বলেন, “পিএবি-টইটং মহাসড়ক বাস্তবায়িত হলে আনোয়ারা থেকে কক্সবাজার পর্যন্ত একটি শক্তিশালী অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে। এতে টানেলের কার্যকারিতা বাড়বে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তুলনামূলক সহজে এ অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের সুযোগ পাবেন।” দক্ষিণ চট্টগ্রামের শিল্পায়ন ও আধুনিকায়নের জন্য উন্নত সড়ক যোগাযোগ অপরিহার্য বলে মনে করেন তিনি। তাঁর মতে, সরু সড়ক প্রশস্ত করে আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা গেলে নতুন শিল্পকারখানা স্থাপন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে।

সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রামে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। একই সঙ্গে কর্ণফুলী টানেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চলগুলোর মধ্যে সমন্বিত যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চসিকের দেনা ৫৯৬ কোটি থেকে কমে ৩২৫ কোটি, দুই বছরের অগ্রযাত্রা উদযাপনে জানালেন শাহাদাত

চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্…

জাতীয়

বাঁশখালীতে ঘর থেকে বাবার ঝুলন্ত মরদেহ ও যমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মো. জাহেদ হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর ৭ মাস বয়সী যমজ কন্যাশিশু জারিন ও জাসিয়ার…

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
জাতীয়

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী প্রণীত ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে চট্টগ্রামে। উপমহাদেশে ইসল…

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত
জাতীয়

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত

কবিতার প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রত্যয়ে চট্টগ্রামে হয়ে গেল ‘চট্টগ্রাম কবিতার শহর’ শীর্ষক ‘তারুণ্যের উচ্ছ্বাস …