চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী প্রণীত ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে চট্টগ্রামে। উপমহাদেশে ইসলামী আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের দেওয়ানবাজার ইসলামিক একাডেমি কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবু বকর রফিক আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান, মিছবাহুস ছালেহিন সিদ্দিকী, মাওলানা আহমদুর রহমান নদভী, শফিউল আলম ছোবহানী, ডা. মুহাম্মদ মহিম উদ্দীন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, হামেদ হাসান ইলাহী ও কায়সারুল আমিন, মুহাম্মদ আমিনুর রহমান এবং সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, একটি জাতির আত্মপরিচয় ও আদর্শিক ভিত্তি নির্মাণে ইতিহাসের ভূমিকা অপরিসীম। উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি গ্রন্থটির বহুল প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ। এ অঞ্চলে ইসলামের প্রচার-প্রসার, দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা জরুরি। ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের আদর্শিক অবস্থান, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবে। অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী তাঁর গবেষণা ও লেখনীর মাধ্যমে এ গুরুত্বপূর্ণ ইতিহাস সংকলনের যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্যে ড. আবু বকর রফিক আহমদ বলেন, ইতিহাসচর্চা শুধু অতীত জানার বিষয় নয়; বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সমৃদ্ধ করা এবং ভবিষ্যতের পথনির্দেশনা গ্রহণের অন্যতম মাধ্যম। উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস নিয়ে এ ধরনের গ্রন্থ পাঠক ও গবেষকদের জন্য সহায়ক হবে।
অনুষ্ঠানে গ্রন্থের প্রণেতা অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকীর গবেষণা ও সাহিত্যকর্মের প্রশংসা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, গ্রন্থটি উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য ও চিন্তাধারা সম্পর্কে পাঠকদের জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করবে।


