পটিয়ায় মেজবানে যাওয়ার পথে লেগুনা উল্টে একই পরিবারের নারী-শিশুসহ ১৪ জন আহত

চট্টগ্রামের পটিয়ায় মেজবানে যাওয়ার পথে একটি লেগুনা উল্টে একই পরিবারের নারী ও শিশুসহ ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা মুন্সির বাড়ি এলাকা থেকে গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যরা লেগুনায় করে চন্দনাইশের রওশনহাট এলাকায় যাচ্ছিলেন। সেখানে এক আত্মীয়ের বাড়িতে মেজবান অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
পটিয়া মডেল মসজিদের সামনে লেগুনাটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা নারী ও শিশুসহ ১৪ জনের বেশি যাত্রী আহত হন বলে জানানো হয়েছে।
আহতরা হলেন সামিয়া (১৮), রনি (১২), সাদেক (২৪), হৃদয় (২০), সিফাত (২৫), বোরহান (৪০), গিয়াস উদ্দিন (৪৫), আবদুর রহিম (৪৫), সাদিকা (৬), আনোয়ারা খাতুন (৬০), খাইরুন্নেয়সা (৩৫), তানিয়া সুলতানা (১৮), রুবি আক্তার (৩০) ও ইরফান (১৮)। আহতদের সবার বাড়ি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


