জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে, জানাল ক্রেডিটরিফর্ম
জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০ দশমিক ১৬ শতাংশ, অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ, অতিরিক্ত ঋণের প্রাথমিক সতর্কসংকেতগুলোর অন্তত একটি প্রদর্শন করছেন। দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়িক তথ্য সংস্থা ক্রেডিটরিফর্মের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ক্রেডিটরিফর্মের ২০২৬ সালের প্রতিবেদন বলছে, গত এক বছরে এই হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক বছর আগে জার্মানির প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।
১৮৭৯ সালে প্রতিষ্ঠিত ক্রেডিটরিফর্ম ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান হিসেবে এবং ঋণ আদায় পরিষেবা দেওয়ার জন্যও সুপরিচিত।
সংস্থাটির অর্থনৈতিক গবেষণা বিভাগের প্রধান প্যাট্রিক-লুডভিগ হান্টশ বলেছেন, ‘জার্মানিতে ব্যক্তিগত ভোক্তাদের আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয়, জ্বালানি খরচ এবং আবাসন ব্যয় অনেক বেড়ে যাওয়ায় খরচের ওপর চাপ প্রচণ্ড বেড়েছে।’
তিনি বলেন, কর্মসংস্থানের অপর্যাপ্ত সুযোগ আবার উদ্বেগ বাড়াচ্ছে। ক্রেডিটরিফর্মের সদ্য প্রকাশিত প্রতিবেদনে হান্টশ বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে উৎপাদন শিল্প খাতে ভালো বেতনের অনেক চাকরি ছাঁটাই করা হয়েছে।’
প্রতিবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্কদের একটা অংশের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার আগেই বকেয়া পরিশোধের সতর্কবার্তা পাওয়ার ঘটনা বেড়েছে, যা অতিরিক্ত ঋণ গ্রহণেরই লক্ষণ।
ক্রেডিটরিফর্ম বলেছে, ভোক্তারা এমনকি ছোটখাটো কেনাকাটার জন্যও ঋণ নিচ্ছেন। এভাবে ঋণ নিয়ে তারা অনেক ক্ষেত্রে কেনাকাটা বাড়াচ্ছেন। কেনাকাটা বাড়ার পাশাপাশি সুদের হারও বাড়ছে।
ক্রেডিটরিফর্মের গবেষণা বলছে, নারীদের তুলনায় পুরুষদের মধ্যে অতিরিক্ত ঋণের হার বেশি। তা অবশ্য নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই এই প্রবণতা দেখা যাচ্ছে।
পুরুষদের মধ্যে কর্মজীবনের মধ্যপর্যায়ে রয়েছেন এমন ব্যক্তিরা, অর্থাৎ ৩০ থেকে ৩৯ এবং ৪০ থেকে ৪৯ বছর বয়সিরা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলেও জানিয়েছে ক্রেডিটরিফর্ম।
তবে দেখা গেছে, অতিরিক্ত ঋণে জর্জরিত মানুষের সংখ্যা সবচেয়ে দ্রুত হারে বাড়ছে ৩০ বছরের কম বয়সি তরুণ-তরুণীদের মধ্যে।
এ ছাড়া জার্মানির রাজ্যগুলোর মধ্যে ব্রেমেন, বার্লিন, স্যাক্সনি-আনহাল্ট এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায় অতিরিক্ত ঋণের হার সবচেয়ে বেশি। অন্যদিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দুই রাজ্য বাভারিয়া ও বাডেন-ভুর্টেমবার্গে এই হার সবচেয়ে কম।

