রহস্যময় মহাকাশ বস্তু কি হারানো সোভিয়েত মহাকাশযান, নাসা বলছে এটি গ্রহাণুই

সৌরজগতের ভেতর দিয়ে ছুটে চলা একটি রহস্যময় বস্তু এমনভাবে গতি বাড়াচ্ছে, যা কেবল মাধ্যাকর্ষণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এতে জল্পনা তৈরি হয়েছে, বস্তুটি প্রায় চার দশক আগে হারিয়ে যাওয়া একটি সোভিয়েত মহাকাশযান হতে পারে।
‘১৯৯৮ কেওয়াই২৬’ নামে পরিচিত প্রায় ৩৬ ফুট চওড়া বস্তুটিকে পৃথিবীর কাছাকাছি একটি গ্রহাণু বলেই মনে করা হয়। তবে সূর্য ও গ্রহগুলোর টান ছাড়া অন্য কিছুও এর পথকে প্রভাবিত করছে বলে মনে হচ্ছে।
বিজ্ঞানীরা কেওয়াই২৬-এর এই অস্বাভাবিক গতিকে ‘অ-মাধ্যাকর্ষণজনিত ত্বরণ’ বলেন। একটি তত্ত্ব ছিল, এটি একটি ‘ডার্ক কমেট’, যার ভেতরে লুকানো পানি গ্যাসে পরিণত হয়ে বস্তুটিকে ধাক্কা দিচ্ছে, যদিও জ্যোতির্বিজ্ঞানীরা ধূমকেতুর ক্ষেত্রে সাধারণত দেখা যাওয়া মেঘ বা লেজ এই বস্তুতে শনাক্ত করতে পারেননি।
কিন্তু জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক করবিন হ্যানসেন ও মাসাতোশি হিরাবায়াশির নতুন সমীক্ষা সেই ব্যাখ্যায় সন্দেহ তৈরি করেছে। ‘ইকারাস’ জার্নালে প্রকাশিত তাঁদের গবেষণায় বলা হয়েছে, কেওয়াই২৬ সম্ভবত এতটাই উষ্ণ যে এর ভেতরে লুকানো পানির বরফ এই অস্বাভাবিক গতি ব্যাখ্যা করার মতো দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না। গবেষকদের সিদ্ধান্ত, হিসাব করা পানি হারানোর হার অনুযায়ী ‘১৯৯৮ কেওয়াই২৬ বর্তমানে ডার্ক কমেট হতে পারে না’।
আরও সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। আগের গবেষণায় দেখা গেছে, কেওয়াই২৬-এর গায়ে সূর্যের আলো পড়া এবং এর পৃষ্ঠ থেকে তাপ বেরিয়ে যাওয়াই লুকানো পানি ছাড়াই এই অতিরিক্ত ধাক্কা তৈরি করতে পারে।
তবে আরেক দল গবেষক আরও অস্বাভাবিক একটি সম্ভাবনা খতিয়ে দেখেছেন। হার্ভার্ডের জ্যোতিঃপদার্থবিদ আভি লোয়েব এবং গবেষক অ্যাডাম হিবার্ড ও অ্যাডাম ক্রাউল পরীক্ষা করেছেন, কেওয়াই২৬ আসলে ‘ফোবোস ১’ কিনা — মনুষ্যবিহীন সোভিয়েত মহাকাশযানটি ১৯৮৮ সালে মঙ্গলের পথে যাওয়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
কেওয়াই২৬ প্রায় ৩৬ ফুট চওড়া, এর গায়ে পড়া সূর্যের আলোর প্রায় ৫২ শতাংশ প্রতিফলিত হয় এবং প্রতি ৫ দশমিক ৩৫ মিনিটে এটি একবার পুরোপুরি ঘুরে আসে। গবেষকেরা ফোবোস ১-এর একটি সরলীকৃত মডেল তৈরি করে ঘূর্ণনের সময় সেটি যেভাবে সূর্যের আলো প্রতিফলিত করবে, তার সঙ্গে কেওয়াই২৬-এর পর্যবেক্ষণ মিলিয়ে দেখেছেন। তাঁরা দেখেছেন, মহাকাশযানের মডেলটি বস্তুটির আট সেট পর্যবেক্ষণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে গেছে।
সূর্যের আলো একটি সিলিন্ডার বা সোলার প্যানেলের গায়ে চাপ দিলে কেওয়াই২৬-এর গতি ব্যাখ্যা করা যায় কিনা, তাও তাঁরা পরীক্ষা করেছেন এবং দেখেছেন মডেলটি শত শত টেলিস্কোপ ও রাডার পর্যবেক্ষণের সঙ্গে ভালোভাবে মিলেছে। গবেষকেরা লিখেছেন, ‘এ ধরনের অনুসন্ধান চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও’ ফলাফল ‘ফোবোস ১ অনুমানে জোরালো ওজন যোগ করেছে’।
তবে গবেষকেরা জোর দিয়ে বলেছেন, তাঁদের মডেল প্রমাণ করে না যে কেওয়াই২৬-ই হারানো মহাকাশযানটি। এই তত্ত্বকে তাঁরা ‘জোরালোভাবে সম্ভাব্য, কিন্তু বর্তমানে অপ্রমাণিত’ বলে বর্ণনা করেছেন।
অন্য গবেষণা আরও প্রচলিত উত্তরের দিকে ইঙ্গিত করে। এ বছর ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’-এ প্রকাশিত আরেকটি গবেষণায় কেওয়াই২৬ থেকে প্রতিফলিত আলো পরীক্ষা করে দেখা গেছে, এর গঠন এক ধরনের পাথুরে গ্রহাণুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গবেষকদের সিদ্ধান্ত, এটি সম্ভবত গ্রহাণু বলয়ের ভেতরের অংশ থেকে এসেছে।
বৃহস্পতিবার সকালে ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান ক্রমবর্ধমান জল্পনা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ইউএপি সম্প্রদায়ের কেউ কেউ মনে করেন বস্তুটি অস্বাভাবিকভাবে চলছে, তবে কেওয়াই২৬ গ্রহাণু ছাড়া অন্য কিছু — এমন কোনো প্রমাণ তিনি দেখেননি। তিনি বলেন, ‘সবার আগে, খুব স্পষ্ট করে বলছি, আমাদের দিকে কিছু ধেয়ে আসছে না। আমি এমন কোনো প্রমাণ দেখিনি, যা থেকে মনে হয় এটি আমাদের গ্রহের জন্য হুমকি বা গ্রহাণু ছাড়া অন্য কিছু।’
বিজ্ঞানীরা হয়তো শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট উত্তর পাবেন। ‘নেচার কমিউনিকেশনস’-এ ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, জাপান মহাকাশ গবেষণা সংস্থার হায়াবুসা২ মহাকাশযান ২০৩১ সালের জুলাইয়ে কেওয়াই২৬-এর সঙ্গে মিলিত হওয়ার সূচি রয়েছে। লোয়েবের ভাষায়, সেই সাক্ষাৎই ফোবোস ১ তত্ত্বের চূড়ান্ত পরীক্ষা হতে পারে। তিনি লিখেছেন, ‘আমাদের ভবিষ্যদ্বাণী হলো, বরফখণ্ডের বদলে হায়াবুসা২-এর ক্যামেরায় দেখা যাবে ‘মেড ইন দ্য ইউএসএসআর’ লেখাটি।’



