ইতালিতে চাকরির প্রলোভনে লিবিয়ায় জিম্মি দুই যুবক, মুক্তিপণ আদায়ের মামলায় একজন আটক

ইতালিতে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে দুই যুবককে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় জামাল হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি যশোর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর হাসপাতাল মোড় থেকে তাঁকে আটক করা হয়। আটক জামাল হাওলাদার খুলনার রূপসা থানার পশ্চিম নন্দনপুর গ্রামের মৃত চাঁন মিয়া হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এজাহারনামীয় আসামি আয়নাল সরদার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের সুফিয়া খাতুনের ছেলে সুমন হোসেন ও তাঁর সতীনের ছেলে উজ্জ্বল হোসেনকে ইতালিতে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখান।
বিদেশে পাঠানোর খরচ বাবদ তাঁদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা নেওয়া হয়। এরপর ২০২২ সালের ২৭ জুন ঢাকা থেকে বিমানে তাঁদের লিবিয়ায় পাঠানো হয়।
অভিযোগে বলা হয়েছে, লিবিয়ায় নেওয়ার পর ইতালিতে চাকরির ব্যবস্থা না করে অজ্ঞাত স্থানে অবৈধভাবে আটকে রেখে দুই যুবককে জিম্মি করা হয়।
পরে আসামি আয়নাল সরদার ও আসমা খাতুনের মাধ্যমে তাঁদের মুক্তির জন্য ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে লিবিয়ার মাফিয়া চক্রের কাছে তাঁদের বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় দুই যুবকের ওপর শারীরিক নির্যাতনের ভিডিও ও স্থিরচিত্র মোবাইল ফোনে তাঁদের পরিবারের কাছে পাঠানো হয়। নির্যাতনের ছবি দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে টাকা আদায় করা হয়।
তদন্তে জানা গেছে, দুই যুবকের জীবন রক্ষায় তাঁদের পরিবার বিভিন্ন আসামির ব্যাংক হিসাবে মোট ২২ লাখ টাকা জমা দেয়। এর মধ্যে জামাল হাওলাদারের ব্যাংক হিসাবে দেওয়া হয় চার লাখ টাকা।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি যশোরের পরিদর্শক প্রভাষ মল্লিক জানান, তদন্তকালে আটক জামাল হাওলাদারের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে আটক জামাল হাওলাদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


