ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যে ‘দুর্নীতি ও অপরাধে’ মনোযোগ দিতে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটদের নেতৃত্বে চলা শহর ও অঙ্গরাজ্যগুলোতে কথিত ব্যাপক দুর্নীতি ও অপরাধের দিকে ‘পূর্ণ ও সম্পূর্ণ মনোযোগ’ দিতে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বলেছেন। তাঁর অভিযোগ, এসব অঙ্গরাজ্যের নেতারা প্রতি মাসে কোটি কোটি ডলার চুরি হতে দিচ্ছেন।
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়কে দুর্নীতি ও অব্যবস্থাপনায় জর্জরিত অঙ্গরাজ্যের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, এই কথিত অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা গেলে কেন্দ্রীয় বাজেটে ভারসাম্য আনতে সাহায্য হবে।
ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের চালিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে যে বিশাল দুর্নীতি ও অপরাধ চলছে, তার দিকে পূর্ণ ও সম্পূর্ণ মনোযোগ দিতে আমি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে বলেছি।’ তিনি আরও লিখেছেন, ‘মিনেসোটা, ক্যালিফোর্নিয়া, ইলিনয়ের মতো নীল অঙ্গরাজ্যগুলোসহ আরও অনেকগুলোই বাজেভাবে চালিত, দুর্নীতিগ্রস্ত বিপর্যয়। প্রতি মাসে কোটি কোটি ডলার চুরি হচ্ছে।’
তবে প্রতি মাসে কোটি কোটি ডলার কীভাবে চুরি হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন, পোস্টে তার কোনো নির্দিষ্ট উদাহরণ দেননি ট্রাম্প।
ভ্যান্স ইতিমধ্যে হোয়াইট হাউসের জালিয়াতি নির্মূল টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। কেন্দ্রীয় অর্থে চলা সুবিধা কর্মসূচিতে জালিয়াতি, অপচয় ও অনিয়মের বিরুদ্ধে লড়তে গত ১৬ মার্চ এক নির্বাহী আদেশে ট্রাম্প এই টাস্কফোর্স গঠন করেন।
টাস্কফোর্সের কাজ সরকারি সুবিধা কর্মসূচিতে যোগ্যতা যাচাই জোরদার করা, অনিয়মিত অর্থ পরিশোধ ঠেকানো এবং সন্দেহভাজন জালিয়াতি শনাক্ত করতে কেন্দ্রীয় প্রচেষ্টার সমন্বয় করা।
ওই নির্বাহী আদেশেও মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়কে এমন অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যেখানে প্রশাসনের অভিযোগ অনুযায়ী সরকারি সুবিধা কর্মসূচিতে ব্যাপক জালিয়াতি বা দুর্বলতা রয়েছে।
অক্টোবরে ফক্স নিউজ ডিজিটাল জানিয়েছিল, সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি (স্ন্যাপ) নিয়ে কথিত চার কোটি ডলারের জালিয়াতি চক্রের মামলায় ৪০ জনের বেশি আসামির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছিল ভ্যান্সের নেতৃত্বাধীন টাস্কফোর্স।
টাস্কফোর্স তখন জানিয়েছিল, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে তারা ২৬ হাজার ৭০ কোটি ডলারের সন্দেহভাজন জালিয়াতি শনাক্ত করেছে এবং বার্ষিক হিসাবে আনুমানিক ৭ হাজার ২০০ কোটি ডলারের সম্ভাব্য জালিয়াতিমূলক পরিশোধ ঠেকিয়েছে। এসব সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি।
ট্রাম্পের সর্বশেষ নির্দেশে ভ্যান্সের বিদ্যমান দায়িত্ব বাড়বে কি না, নাকি তা ডেমোক্র্যাট-শাসিত এলাকায় কথিত দুর্নীতির তদন্তে নতুন করে জোর দেওয়ার ইঙ্গিত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। প্রেসিডেন্টের নির্দেশ ও ব্যাপক জালিয়াতির অভিযোগ নিয়ে মন্তব্যের জন্য ফক্স নিউজ ডিজিটাল হোয়াইট হাউস ও বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে।
ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, এই কথিত দুর্নীতি দূর করা গেলে কেন্দ্রীয় বাজেটে ভারসাম্য আসতে পারে। তিনি লিখেছেন, ‘এই বড় আকারের অপরাধমূলক কর্মকাণ্ড সংশোধন করা গেলে আমাদের বাজেট দ্রুত ভারসাম্যে আসতে পারে,’ এবং যোগ করেছেন, ‘দুর্নীতি ডেমোক্র্যাট নেতৃত্বের রক্তে মিশে আছে!’ তবে এই দুর্নীতি দূর হলে বাজেটে কীভাবে ভারসাম্য আসবে, তা তিনি ব্যাখ্যা করেননি।
এরপর ট্রাম্প ইরান প্রসঙ্গে বলেছেন, তেহরানের সঙ্গে চুক্তির আর প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। তিনি লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের চুক্তির দরকার নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের অর্থ আমাদের কাছে, শত শত বিলিয়ন ডলার, আর প্রণালিটাও আমাদের কাছে!’ ইরানি তহবিল বা বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে তাঁর দাবির বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি। ইরান নিয়ে প্রেসিডেন্টের মন্তব্যের ব্যাখ্যার জন্য ফক্স নিউজ ডিজিটাল পররাষ্ট্র দপ্তরের সঙ্গেও যোগাযোগ করেছে।




