বৈরুতে সাবেক ইরাকি এমপি আল-আলওয়ানি হত্যা: দুই সিরীয় সন্দেহভাজনকে হস্তান্তর চাইল লেবানন
বৈরুতের একটি ফ্ল্যাটে সাবেক ইরাকি সংসদ সদস্য আহমেদ আল-আলওয়ানির মরদেহ পাওয়ার পর লেবানন কর্তৃপক্ষ তাঁর হত্যায় জড়িত সন্দেহে দুই সিরীয় নাগরিককে হস্তান্তর করতে সিরিয়ার কাছে চেয়েছে। চলতি সপ্তাহের শুরুতে বৈরুতে তাঁর মরদেহ পাওয়া যায়।
লেবাননের এক বিচার বিভাগীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে আল-আলওয়ানিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তবে হত্যাকারী ও উদ্দেশ্য এখনও অস্পষ্ট। সূত্রটি বলেছে, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের তদন্তকারীরা দামেস্ককে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার করে হস্তান্তর করতে বলেছেন।
সূত্রটি আরও বলেছে, দুই সন্দেহভাজনের পরিচয় এখনও নির্ধারণ করা যায়নি এবং একজন লেবাননিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লেবাননের তদন্তে সহায়তা করতে ইরাক একটি দল পাঠাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির শীর্ষ প্রসিকিউটর বিচারক আহমেদ রামি আল-হাজ ব্যক্তিগতভাবে আল-আলওয়ানি হত্যার তদন্ত তদারক করছেন এবং তদন্তটি পরিচালনা করছে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা।
তদন্তকারীরা এখনও হত্যার সম্ভাব্য উদ্দেশ্য নিশ্চিত করার চেষ্টা করছেন, তবে প্রাথমিক তদন্তে একটি আর্থিক দিকের ইঙ্গিত মিলেছে বলে সূত্রগুলো এএফপিকে জানিয়েছে।
লেবাননের সংবাদমাধ্যম অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতের তারিক আল-জদিদেহ এলাকার একটি ফ্ল্যাটে আল-আলওয়ানির মরদেহ পাওয়া যায়।
ইরাকি নিরাপত্তা মিডিয়া সেলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ মান, যিনি লেবাননে তদন্তটি অনুসরণ করছেন, জানিয়েছেন আল-আলওয়ানি ৫ নভেম্বর সন্ধ্যায় এরবিল বিমানবন্দর থেকে মিডল ইস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৈরুতে পৌঁছান এবং তাঁকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। মান ইরাকি বার্তা সংস্থা আইএনএকে এসব কথা বলেন।
মান আরও বলেন, রুমে ওঠার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আল-আলওয়ানি হোটেল ছেড়ে যান এবং অভ্যর্থনা কর্মীদের বলেন তিনি বন্ধুদের সঙ্গে যাচ্ছেন। হোটেল কর্মীরা তদন্তকারীদের বলেছেন, আল-আলওয়ানির সঙ্গে থাকা ব্যক্তিরা সিরীয় উচ্চারণে কথা বলছিলেন।
আইএনএ জানিয়েছে, আল-আলওয়ানি একটি সাদা রেঞ্জ রোভার গাড়িতে হোটেল ছাড়েন, এরপর ইরাকে আত্মীয়দের দুটি ফোন করেন, তারপর তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বুধবার তুরস্কে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে সাক্ষাতের পর ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি হত্যার পরিস্থিতি নির্ণয় ও অপরাধীদের শনাক্ত করতে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
আল-আলওয়ানি ছিলেন সুন্নি রাজনীতিক এবং ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের সাবেক সংসদ সদস্য। তৎকালীন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির শিয়া-নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ২০১২ ও ২০১৩ সালের প্রতিবাদে তিনি পরিচিতি পান। তিনি ইরাকে ইরানের প্রভাব এবং ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর তীব্র সমালোচক ছিলেন।
২০১৩ সালের ডিসেম্বরে রামাদিতে তাঁর বাড়িতে নিরাপত্তা অভিযানের সময় আল-আলওয়ানিকে গ্রেপ্তার করা হয়; সেই অভিযানে তাঁর ভাইসহ আরও কয়েকজন নিহত হন। ২০১৪ সালে ‘সন্ত্রাসবাদ’ অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে এক দশকের বেশি কারাভোগের পর ২০২৫ সালের এপ্রিলে ইরাকের সাধারণ ক্ষমা আইনে তিনি মুক্তি পান।
পৃথক একটি মামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা উত্তর লেবাননের বাত্রুন উচ্চভূমিতে গ্রেপ্তার হওয়া পাঁচ হিজবুল্লাহ সদস্যের বিষয়ে তদন্ত করছে বলে পাবলিক প্রসিকিউটরের মিডিয়া কার্যালয় জানিয়েছে।


