…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

লুচি-ডাল থেকে ভোরের বিরিয়ানি: পুরান ঢাকার সকালের নাশতার পাঁচ পুরোনো ঠিকানা

নিজস্ব প্রতিবেদক
লুচি-ডাল থেকে ভোরের বিরিয়ানি: পুরান ঢাকার সকালের নাশতার পাঁচ পুরোনো ঠিকানা
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার সকালের সঙ্গে ঢাকার অন্য এলাকার সকাল মেলানো কঠিন। এখানে ভোর মানেই মানুষের কোলাহলে এক ভিন্ন আমেজ; অলিগলির খাবারের দোকানগুলো খুলে যায়। কোথাও কড়াইয়ে ফুলে ওঠে গরম লুচি, চুল্লিতে তৈরি হয় গরম বাকরখানি, কোথাও বিরিয়ানির হাঁড়ি থেকে ছড়িয়ে পড়ে মসলার সুবাস। আবার কোথাও এক গ্লাস মাঠা কিংবা ধোঁয়া ওঠা এক বাটি নেহারিতে শুরু হয় সকাল।

প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব খাবারের স্বাদ ও ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকার বেশ কিছু পুরোনো প্রতিষ্ঠান। সময়ের সঙ্গে শহর বদলালেও বদলায়নি এসব খাবারের প্রতি মানুষের টান।

নর্থব্রুক হল রোডের ৪৭ নম্বরে চৌরঙ্গী রেস্তোরাঁয় সকালে গেলে চোখে পড়বে পুরোনো দিনের নাশতার আয়োজন। শত বছরের বেশি সময় ধরে পরিচিত এই রেস্তোরাঁর অন্যতম আকর্ষণ লুচি ও ডাল।

রেস্তোরাঁর কর্মী মো. ফাহিম জানান, দীর্ঘদিন ধরেই সকালের নাশতায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে গরম লুচি, ডাল ও ভাজি। এখানে প্রতিটি লুচির দাম ১২ টাকা; লুচির সঙ্গে ডাল ও ভাজি দেওয়া হয় বিনা মূল্যে।

এ ছাড়া এখানে ডিমের মামলেটের দাম ২৫ টাকা ও এক কাপ চায়ের দাম ১৫ টাকা। সাশ্রয়ী দামে পরিচিত স্বাদের এমন আয়োজন উপভোগ করতে প্রতিদিন সকালে এখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। কারও কাছে এটি নিয়মিত নাশতার জায়গা, আবার কারও কাছে নস্টালজিক খাবারের স্বাদ ফিরে পাওয়ার ঠিকানা।

চৌরঙ্গী রেস্তোরাঁ থেকে কিছুটা এগোলেই ২৮ নম্বর নর্থব্রুক হল রোডে নিউ ক্যাফে কর্নার। ১৯৬২ সালে যাত্রা শুরু করা এই রেস্তোরাঁ পার করেছে ছয় দশকের বেশি সময়। পুরোনো দিনের চেয়ার-টেবিল ও সাধারণ সাজসজ্জায় এখনো ধরে রেখেছে ঐতিহ্যের আবহ।

সকালের নাশতায় এখানে পাওয়া যায় লুচি, ডাল-সবজি, হালুয়া, মুরগির গিলা-কলিজা, ডিম পোচ ও চা। খাবারের বৈচিত্র্য আর দীর্ঘদিনের পরিচিতির কারণে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়; কখনো দোকানের ভেতরে বসার জায়গা না পেয়ে অনেকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

সকালের নাশতার পাশাপাশি বিকেলের খাবারের জন্যও নিউ ক্যাফে কর্নারের পরিচিতি আছে। বিশেষ করে ক্র্যাম্ব চাপ ও কাটলেট খেতে বিকেলেও ভিড় করেন অনেকে।

পুরান ঢাকার সূত্রাপুরের রহিম বিরিয়ানি সকালের খাবারের তালিকায় এক বিশেষ জায়গা দখল করে আছে। ব্রিটিশ আমল থেকে পরিচিত এই খাবারের দোকানে বিরিয়ানি খেতে ফজরের নামাজের পর থেকেই ক্রেতাদের ভিড় শুরু হয়। এখানকার বিরিয়ানির স্বাদ, মসলা ব্যবহারের ধরন ও রান্নার বিশেষত্ব একে অন্য অনেক বিরিয়ানি থেকে আলাদা করেছে।

দোকানের কর্মীরা জানান, প্রতিদিন ফজরের নামাজের পর থেকেই বিরিয়ানি বিক্রি শুরু হয়। ক্রেতাদের চাহিদা এতটাই বেশি যে সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যেই সব বিরিয়ানি শেষ হয়ে যায়। তাঁদের দেওয়া তথ্যমতে, প্রতিদিন প্রায় তিন হাঁড়ি, অর্থাৎ দুই মণ, বিরিয়ানি বিক্রি হয়। সকালবেলা গরম বিরিয়ানির স্বাদ নিতে দূরদূরান্ত থেকেও ক্রেতারা এখানে আসেন।

পুরান ঢাকার খাবারের ঐতিহ্যে মাঠার আছে আলাদা পরিচিতি। খুব ভোর থেকে রূপচান লেনের ছোট্ট দোকানের সামনে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। কেউ আসেন নিয়মিত অভ্যাসের টানে, কেউবা পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাঠার স্বাদ নিতে।

সকালের নাশতায় এখানে অনেকের পছন্দের তালিকায় রয়েছে মাঠা, ছানা মাঠা ও মাখন ক্ষীর। দুধের তৈরি এসব খাবারের স্বাদ নিতে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা থাকে। এখানে প্রতি গ্লাস মাঠার দাম ২০ টাকা, আর মাখন ক্ষীর বিক্রি হয় ২০, ৩০ ও ৫০ টাকার ভিন্ন ভিন্ন দামে। ছোট্ট দোকান হলেও দীর্ঘদিনের পরিচিতি আর ঐতিহ্যবাহী স্বাদের কারণে সকালজুড়ে জমে থাকে ক্রেতাদের ভিড়।

লালবাগের 'মা শাহী নেহারি' পুরান ঢাকার ঐতিহ্যবাহী সকালের খাবারের আরেক আকর্ষণ। খাসির মাংস দিয়ে দীর্ঘ সময় ধরে রান্না করা নেহারির ঘন ঝোল আর মসলার সুবাস খাবারপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ। গরম নেহারির সঙ্গে রুটি কিংবা নান সকালের নাশতায় অনেকের পছন্দ। ভোরের দিকে নেহারি খেতে আসা মানুষের ভিড়ও চোখে পড়ে; 'স্লো কুক' করা এই খাবারের স্বাদ নিতে দূরদূরান্ত থেকেও আসেন অনেকে।

পুরান ঢাকার এই পাঁচ দোকানের খাবার ও পরিবেশ এক রকম নয়। তবে একটি জায়গায় মিল রয়েছে—সময়ের সঙ্গে শহরের জীবনযাত্রা বদলালেও মানুষের খাবারের স্মৃতিতে জায়গা ধরে রেখেছে এসব পুরোনো আয়োজন। আধুনিক রেস্তোরাঁর ভিড়েও তাই লুচি-ডাল, সকালের বিরিয়ানি, মাঠা কিংবা নেহারির টানে মানুষ ফিরে আসেন পুরান ঢাকার চেনা গলিতে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

৭০ পেরোলেও শীতে ত্বক থাকবে কোমল, যত্ন নেবেন যেভাবে
লাইফস্টাইল

৭০ পেরোলেও শীতে ত্বক থাকবে কোমল, যত্ন নেবেন যেভাবে

বয়স এখন কেবল একটি সংখ্যা মাত্র। সত্তরের কোঠায় পা রাখলেও নিজেকে পরিপাটি ও সতেজ রাখার ইচ্ছা এখন প্রতিটি মানুষের। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের প্…

চট্টগ্রামে রোদ উঠলেই শেষ তিন ঘণ্টার বাজার, সকাল ৭টা থেকে ১০টার কেনাবেচা জামালখান ও ডিসি হিলে
লাইফস্টাইল

চট্টগ্রামে রোদ উঠলেই শেষ তিন ঘণ্টার বাজার, সকাল ৭টা থেকে ১০টার কেনাবেচা জামালখান ও ডিসি হিলে

চট্টগ্রাম নগরের জামালখান ও ডিসি হিল সড়কে ভোরের আলো ফোটার পর শুরু হয় একটি বাজার, আর রোদ ওঠার পরই তার কেনাবেচা শেষ হয়ে যায়। মাত্র তিন ঘণ্টার এই বাজা…

শীতে শুষ্ক ত্বকের যত্নে সাতটি কার্যকর উপায়: মৃদু ক্লিনজার থেকে হিউমিডিফায়ার
লাইফস্টাইল

শীতে শুষ্ক ত্বকের যত্নে সাতটি কার্যকর উপায়: মৃদু ক্লিনজার থেকে হিউমিডিফায়ার

শীতের ঠান্ডা হাওয়া ও ঘরের ভেতরের শুষ্ক আবহাওয়া ত্বক থেকে কেড়ে নেয় তার স্বাভাবিক আর্দ্রতা। এর ফলে ত্বক হয়ে ওঠে টানটান, খসখসে ও মলিন। এই সমস্যা এড়…

যশোর আদালতের সামনে ৩৮ বছর জুতা সেলাই করেন শচীন দাস, সুখ খোঁজেন পত্রিকা আর বাউলগানে
লাইফস্টাইল

যশোর আদালতের সামনে ৩৮ বছর জুতা সেলাই করেন শচীন দাস, সুখ খোঁজেন পত্রিকা আর বাউলগানে

যশোর আদালতের সামনে বসে প্রায় ৩৮ বছর ধরে জুতা সেলাই ও পলিশের কাজ করছেন শচীন দাস। তাঁর বয়স এখন ৫৬ বছর। সারা দিনের কাজের ফাঁকে তিনি পত্রিকা পড়েন, আর অ…