পতেঙ্গায় চোর সন্দেহে যুবককে দুই ঘণ্টা নির্যাতন করে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে দক্ষিণ পতেঙ্গার ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোবারক ইসলাম আব্দুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে। তাদের পরিবার একসময় দক্ষিণ পতেঙ্গার লালদিয়ার চরে বসবাস করত। সরকারি উচ্ছেদের পর গত চার বছর ধরে তারা চরপাড়ায় নানাবাড়িতে বসবাস করছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার শাহ আলমের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এভারগ্রীন কটন ফ্যাক্টরির সামনে থেকে মোবারককে চোর সন্দেহে ধরে নিয়ে যাওয়া হয়। পরে একটি মাঠে নিয়ে বাঁশ ও তার দিয়ে তাকে মারধর করা হয়।
একপর্যায়ে সেখান থেকে একটি গুদামে নিয়ে হাত-পা তার দিয়ে বেঁধে টানা দুই ঘণ্টা নির্যাতন করা হয়। এ সময় স্থানীয় লোকজন বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাদের দিকেও তেড়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর বিকেল ৫টার দিকে গুরুতর আহত মোবারককে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা আমেনা বেগম বলেন, তার ছেলে আগে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বর্তমানে নিয়মিত বাবার চায়ের দোকানে বসতেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে একটি কলা খেয়ে বাড়ি থেকে বের হন মোবারক। পরে ছেলেকে নির্যাতন করে হত্যার খবর পান তিনি।
এ ঘটনায় মোবারকের বাবা আব্দুল মাবুদ বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় লোকজনের হাতে আটক একজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকি তিন আসামি পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



