শ্রমিক অসন্তোষের মুখে ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
টানা দুই সপ্তাহ ধরে চলা শ্রমিক অসন্তোষের মুখে ২০৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৯টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সমকালের প্রথম পাতার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে টানা দুই সপ্তাহ ধরে শ্রমিক অসন্তোষ চলছে।
গতকাল বৃহস্পতিবারও অনেক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ না করে বেরিয়ে যান। কর্তৃপক্ষের নানা চেষ্টা সত্ত্বেও তাদের কাজে ফেরানো যায়নি।
এ পরিস্থিতিতে ২০৪টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে সর্বাধিক ১৩৭টিই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের।
বাকি ৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে শ্রম আইনের ১৩(১) ধারায়। এই ধারায় বলা আছে—‘কাজ নেই তো বেতন নেই’; অর্থাৎ যতদিন কারখানা বন্ধ থাকবে, ততদিনের মজুরি পাবেন না শ্রমিকরা।
প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতির উন্নতি না হলে রোববার থেকে ১৩(১) ধারায় পোশাক কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিতে পারেন অনেক মালিক।
উদ্ভূত পরিস্থিতিতে শনিবার পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। পরিস্থিতি বিশ্লেষণ করে সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।




