ভুয়া ভিডিও কলে ৪০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, উত্তর কোরিয়ার হ্যাকারদের দিকে অভিযোগ এফবিআইয়ের

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বলছে, রাষ্ট্র-পৃষ্ঠপোষক উত্তর কোরীয় হ্যাকাররা ভুয়া ভিডিও কল ব্যবহার করে মানুষের পরিচয় চুরি করে ৪০ কোটি ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে।
এফবিআই জানিয়েছে, গত ১৮ মাসে ‘ফেসস্টিলার’ নামে পরিচিত এই কৌশলের শিকার হয়েছেন ৯০০ জনের বেশি মানুষ।
এফবিআইয়ের সাইবার পরিচালক ব্রেট লেদারম্যান বলেছেন, ‘উত্তর কোরীয় সরকার বড় আকারের ক্রিপ্টোকারেন্সি চুরির অর্থের ওপর নির্ভর করে তার অবৈধ অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন করে, সাম্প্রতিক বছরগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেছে।’
এই তথ্য প্রকাশের এক সপ্তাহ আগে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইনান্স জানিয়েছিল, হ্যাকাররা ভুয়া চাকরির সাক্ষাৎকার ব্যবহার করে প্রতিষ্ঠানটি থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলার চুরি করেছে। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বাইনান্সের ওই হামলার জন্য উত্তর কোরিয়া-সংশ্লিষ্টদের দায়ী করেছে। পিয়ংইয়ং এই দাবি অস্বীকার করেছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ফেসস্টিলার হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সি ও ওয়েবথ্রি খাতে কাজ করা ব্যক্তিদের, বিশেষ করে ওপেন-সোর্স সফটওয়্যার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িতদের, আক্রমণাত্মকভাবে লক্ষ্য করে।
এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হ্যাকাররা ভুয়া বা হাইজ্যাক করা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে সম্ভাব্য শিকারদের জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের নকল সংস্করণে আয়োজিত ভিডিও কলে আমন্ত্রণ জানায়।
এরপর হ্যাকাররা শিকারের পরিচিত আগের শিকারদের আগে থেকে রেকর্ড করা ভিডিও চালিয়ে বৈধ কলের ভান করে, তবে অডিওতে ত্রুটি দেখা দিয়েছে বলে মনে হয়।
এরপর শিকারের পর্দায় একটি বার্তা আসে, যেখানে লিংকে ক্লিক করে অডিও ‘ঠিক’ করতে বলা হয়। এই ‘ঠিক করা’র প্রক্রিয়াতেই শেষ পর্যন্ত শিকারের ডিভাইসে ম্যালওয়্যার ডাউনলোড হয়, যা হ্যাকারদের তার যোগাযোগের তালিকা ও অ্যাপে প্রবেশাধিকার দেয় এবং সম্ভাব্য শিকারের পরিসর আরও বাড়িয়ে দেয়।
কর্তৃপক্ষ বলছে, হ্যাকাররা এই কলগুলো গোপনে রেকর্ড করে এবং সেই রেকর্ডিং নতুন শিকারদের প্রতারণার উপকরণ হিসেবে ব্যবহার করে।
এফবিআই ফেসস্টিলারকে ‘অত্যন্ত কার্যকর একটি সামাজিক প্রকৌশল কৌশল’ হিসেবে বর্ণনা করেছে, যা সবচেয়ে অভিজ্ঞ ও নিরাপত্তা-সচেতন কম্পিউটার ব্যবহারকারীকেও প্রতারিত করতে পারে।
এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘এটি সর্বত্র ব্যবহৃত ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম ও মূল্যবান ব্যক্তিগত সম্পর্কের প্রতি আমাদের আস্থাকে কাজে লাগায়।’ তিনি আরও বলেন, ‘আপনি যদি এমন কোনো পরিস্থিতি কল্পনা করতে না পারেন যেখানে আপনি এর শিকার হতে পারেন, তাহলে আপনি যথেষ্ট সৃজনশীলভাবে ভাবছেন না।’




