বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্যবস্তু করার দাবি ইরানের, হরমুজে উত্তেজনা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কসংকেত রাডার লক্ষ্যবস্তু করেছে। ইরানের দাবি অনুযায়ী, দেশটির দক্ষিণের হরমুজগান প্রদেশে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, বৃহস্পতিবার হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিক ‘শত্রুর গুলিতে’ আঘাতপ্রাপ্ত হয়েছে।
আধা সরকারি তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘আক্রমণকারী শত্রুর’ জন্য একটি ‘গুরুতর সতর্কবার্তা’ বলে বর্ণনা করেছে। বিবৃতিতে হরমুজ প্রণালিতে বিমান উসকানি ও তেল পাচার বন্ধের কথা বলা হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, এসব লঙ্ঘন ও আগ্রাসনের পুনরাবৃত্তি হলে তাদের মহাকাশ বাহিনী সীমাহীনভাবে মোকাবিলা করতে পূর্ণ প্রস্তুত রয়েছে। আইআরজিসি-সংশ্লিষ্ট ফারস বার্তা সংস্থা বলেছে, আইআরজিসির মহাকাশ বাহিনী রাডার স্থাপনাটি লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে।
এ বিষয়ে ওয়াশিংটন বা মানামার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
রয়টার্স বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুর পর এই প্রথম ইরান উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক সম্পদের ওপর হামলার দাবি করল।
এই দাবি এমন সময়ে এল, যখন ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি বাড়াতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। এসব সংবাদমাধ্যমের মধ্যে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কানও রয়েছে।
ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আরেকটি যুদ্ধ শুরু করে, তাহলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত যেসব সামরিক ঘাঁটি তাতে যুক্ত থাকবে, সেগুলোর প্রতিটিই ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের প্রস্তাবিত কূটনৈতিক পথে কোনো চুক্তি না হলে তিনি যুদ্ধে ফিরতে প্রস্তুত। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ যথেষ্ট ভালোভাবে কাজ করছে, ফলে বড় আকারের সামরিক অভিযান আবার শুরু করার প্রয়োজন নেই।
বুধবার আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি যুদ্ধের আগের অবস্থায় আর কখনো ফিরবে না এবং ‘বল এখন আমেরিকার কোর্টে’। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী এখনো ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়েছিল।


