বসুন্ধরায় আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, সৌরবিদ্যুতে চার বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী এসব প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তি, পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে।
বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে প্রদর্শনীগুলো হলো ৩১তম বিল্ড বাংলাদেশ, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো, ২৮তম পাওয়ার বাংলাদেশ, ২৩তম সোলার বাংলাদেশ, অষ্টম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো এবং অষ্টম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা এবং নাব্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে। দেশে নদীর সংখ্যা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান থাকলেও মূল বিষয় হলো কতটি নদীতে পানির স্বাভাবিক প্রবাহ ও নাব্য রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য ড. আশরাফুল আলম বলেন, সৌরশক্তি থেকে আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের সহযোগিতা চায় সরকার। এ খাতে প্রায় তিন থেকে চার বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মুর্শিদা এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক।
প্রদর্শনীগুলোতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, নির্মাণপ্রযুক্তি, লিফট, ইন্টেরিয়র, আবাসন প্রকল্প, বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি, সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন পণ্য স্থান পেয়েছে। পাশাপাশি স্মার্ট লাইটিং, এলইডি প্রযুক্তি, পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ ও স্মার্ট পানি ব্যবস্থাপনার প্রযুক্তিও প্রদর্শিত হচ্ছে।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রদর্শনী শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এসব প্রদর্শনীর মাধ্যমে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী, আমদানিকারক, নির্মাতা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন তারা।




