মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন: কূটনীতিক পরিবার থেকে ট্রাম্পের বিরোধিতায় সামনের সারিতে
ক্রিস ভ্যান হোলেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক সিনেটর। ২০০৩ সাল থেকে তিনি কংগ্রেসে রয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাঁর বিরোধিতার মধ্য দিয়ে তিনি পরিচিতি পেয়েছেন এবং এখন সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। তিনি যুদ্ধবিরোধী অবস্থান ও প্রগতিশীল নানা ইস্যুতে সোচ্চার থাকার জন্য পরিচিত।
ভ্যান হোলেনের জন্ম ১৯৫৯ সালে পাকিস্তানের করাচিতে। তাঁর বাবা ছিলেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস কর্মকর্তা, যিনি পরে নিকটপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মা কাজ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পররাষ্ট্র দপ্তরে।
২০২৫ সালের এপ্রিলে ভ্যান হোলেন আলোচনায় আসেন এল সালভাদর সফর করে। ট্রাম্প প্রশাসনের ভুলক্রমে বিতাড়িত মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আবরেগো গার্সিয়ার সঙ্গে দেখা করতে তিনি সেখানে যান। ওই ঘটনার পর আবরেগো গার্সিয়া শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে ভ্যান হোলেন সিনেটে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটির উদ্যোগ নেন। প্রস্তাবে ট্রাম্প প্রশাসনকে অধিকৃত পশ্চিম তীরে নয়জন আমেরিকানের হত্যাকাণ্ড এবং সামরিক আটকে ফিলিস্তিনি শিশুদের প্রতি ইসরায়েলের আচরণ সম্পর্কে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। প্রস্তাবটি ৪৭-৫৩ ভোটে ব্যর্থ হয়; ভোটাভুটি মূলত দলীয় লাইনেই হয়।
এর আগে ২০২৫ সালের আগস্টে ভ্যান হোলেন মার্কিন সিনেটর জেফ মার্কলির সঙ্গে মিসরের সীমান্তে গাজার রাফাহ ক্রসিংয়ে যান। সে সময় ইসরায়েল ছিটমহলে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর প্রচেষ্টায় বাধা দিচ্ছিল।
ভ্যান হোলেন ইসরায়েলের গাজা যুদ্ধ বন্ধের পক্ষে অন্যতম সোচ্চার কণ্ঠ। তিনি ধারাবাহিকভাবে ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর জবাবদিহি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ক্ষেত্রে শর্ত আরোপের পক্ষে চাপ দিয়ে আসছেন।




