মেঘনা-গোমতী সেতুর ঢালে কাভার্ড ভ্যান বিকল, গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজটে ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী ট্রাকের চালকসহ বিভিন্ন যানবাহনে চলাচলকারী মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর ঢালে কুমিল্লামুখী লেনে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান হঠাৎ বিকল হয়ে পড়ে। সেতুর ঢালের গুরুত্বপূর্ণ এই লেনে গাড়িটি আটকে যাওয়ায় ওই পথে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকায় যান চলাচল একপর্যায়ে পুরোপুরি স্থবির হয়ে পড়ে। সেতুর ঢাল থেকে শুরু করে গজারিয়া অংশ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়।
যানজটে আটকে থাকা যানবাহনগুলো দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকছে। কোথাও কোথাও থেমে থেমে অত্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করছে বলে জানা গেছে। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মেঘনা-গোমতী সেতুর ঢালে বিকল হয়ে যাওয়া কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার তৎপরতা চলছে।
রেকার দিয়ে গাড়িটি অপসারণের কাজ শেষ হলে এক ঘণ্টার মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।

