পাথরাইলে পাঁচ হাজার তাঁত থেকে এখন মাত্র চারশ, অস্তিত্বের লড়াইয়ে টাঙ্গাইলের তাঁতশিল্প
‘চমচম, টমটম ও শাড়ি, এই তিনে টাঙ্গাইল বাড়ি’—যাদের জন্মই হয়েছে তাঁতের খটখট শব্দ শুনে, তারা জানে প্রতিটি শাড়ি বুননের মধ্যেই লেপ্টে আছে ইতিহাসের গন্ধ। টাঙ্গাইল সদর, কালিহাতী ও দেলদুয়ার উপজেলায় তাঁতের শাড়ি উৎপাদন সবচেয়ে বেশি। তবে সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প।
এখন প্রায় অধিকাংশ তাঁত বন্ধ রয়েছে, আবার অনেকেই তাঁত বিক্রি করে দিয়েছেন। তাঁত শুধু একটি পেশা নয়, এটি এ অঞ্চলের শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। একসময় পরিবারের বড়দের হাত ধরে ছোটরাও শিখত তাঁত বোনা। কিন্তু সেই ধারাবাহিকতায় এখন ভাটা পড়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধি, কম মজুরি, মেশিনে তৈরি কাপড়ের প্রতিযোগিতা ও বিদেশে রপ্তানি বন্ধ থাকায় এবং অনিশ্চিত কর্মসংস্থানের কারণে তরুণ প্রজন্ম এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। দিনভর তাঁতে বসে যে আয় হয়, তা দিয়ে বর্তমান সময়ে সংসার চালানো কঠিন। তাই কেউ যাচ্ছেন ব্যবসায়, কেউ চাকরিতে, আবার কেউ বেছে নিচ্ছেন অন্য পেশা।
ঘরে ঘরে তাঁতের খটখট শব্দে একসময় মুখর থাকত টাঙ্গাইলের গ্রামগুলো। কম আয়ে একদিকে কমছে তাঁতের সংখ্যা, অন্যদিকে হারিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দক্ষতা।
স্থানীয় তাঁতিরা বলছেন, সারাদিন পরিশ্রম করে যে আয় হয়, তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকেই তাঁত পেশা ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছেন। বাজারে থ্রি-পিস আসার কারণে নারীরা তাঁতের শাড়ি পড়তে চায় না বলেও জানিয়েছেন তাঁরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিক সংকট, বাজারের অব্যবস্থাপনা ও ন্যায্যমূল্য না পাওয়ায় তাঁতশিল্প ধ্বংসের পথে বলে তাঁতিদের অভিযোগ।
তাঁত ব্যবসায়ীরা বলেছেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পাথরাইল এলাকায় একসময় প্রায় পাঁচ হাজার তাঁত ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র চারশতে। নতুন প্রজন্মকে এই শিল্পে উদ্বুদ্ধ করতে সরকারের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তাঁরা। তা না হলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
তাঁতের কারিগর রশীদ মিয়া বলেন, তিনি ৩০ বছর ধরে তাঁতের শাড়ি তৈরি করেন। অনেকেই এই পেশা ছেড়ে চলে গেছে, নতুন করে তাঁতের কারিগর তৈরি হচ্ছে না। আগের মতো তাঁতের শাড়ি বিক্রি হয় না। যে টাকা মজুরি পান, তা দিয়ে সংসার চালানো তাঁর কষ্ট হয়ে যায়। মজুরি কম হওয়ায় নতুন করে কেউ আসছেন না বলেও জানান তিনি।
আরেক তাঁতের কারিগর আকবর বলেন, এই পেশায় এসে এখন ঠিকমতো সংসার চলছে না। তিনি এই পেশায় এসে ভুল করেছেন বলে মনে করেন। যে পরিশ্রম করে টাকা পান, তা দিয়ে সংসার চালানো কষ্টকর। তিনি তাঁর ছেলেদের এই পেশায় আনবেন না। এই পেশা ছেড়ে অনেকে রিকশা চালাচ্ছে, অন্য পেশায় চলে গেছে।
বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টার টাঙ্গাইলের লিয়াজোঁ অফিসার জায়দুর রহমান বলেন, বাংলাদেশ তাঁত বোর্ড মূলত তাঁতিদের নিয়ে কাজ করে। সে লক্ষ্যে তাঁতিদের কারিগরি সহযোগিতা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে টাঙ্গাইলে দিন দিন তাঁতশিল্প কমে যাচ্ছে। এর দুটি কারণ হচ্ছে শ্রমিক সংকট ও পণ্য সঠিক মূল্যে বিক্রি করতে না পারা। সুতা, রং ও রাসায়নিকের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সে অনুযায়ী শাড়ি, লুঙ্গি, গামছার দাম বৃদ্ধি পাচ্ছে না। ফলে তাঁতিরা একটা সংকটময় মুহূর্ত পার করছেন এবং অনেকে পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।
জায়দুর রহমান আরও বলেন, তাঁতিদের এই পেশায় ধরে রাখতে বাংলাদেশ তাঁত বোর্ড টাঙ্গাইলে একটি প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করেছে। এখানে তাঁতিদের বুনন শিল্প ও মার্কেটিংয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। টাঙ্গাইলের ঐতিহ্য ধরে রাখতে তাঁতপল্লী ও তাঁত বিক্রয়কেন্দ্র স্থাপনের একটি নতুন প্রকল্প মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে, সেটির প্রক্রিয়া চলমান রয়েছে।
তাঁত ব্যবসায়ীদের মতে, আধুনিক প্রযুক্তি, সহজ ঋণ, প্রশিক্ষণ, ন্যায্যমূল্য পারিশ্রমিক এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করা গেলে তরুণদের আবারও তাঁতশিল্পে ফিরিয়ে আনা সম্ভব।


