জরিপে ইউরোপের ৭১ শতাংশ মানুষ নিজস্ব ইইউ সেনাবাহিনী চান, ন্যাটোতেও থাকতে চান ৭৭ শতাংশ
ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সেনাবাহিনী গঠনের পক্ষে মহাদেশটির বেশির ভাগ মানুষ। নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান গ্লোবসেকের ‘২০২৬ ট্রেন্ডস’ প্রতিবেদনের জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ইউরোপীয়দের ৭১ শতাংশ চান ইইউর নিজস্ব সেনাবাহিনী থাকুক।
দেশভেদে এই সমর্থনে তারতম্য আছে। সদস্য দেশগুলোর মধ্যে রোমানিয়ায় সমর্থন সবচেয়ে বেশি, ৮২ শতাংশ। এরপর লিথুয়ানিয়ায় ৭৮ শতাংশ এবং ফ্রান্সে ৭৫ শতাংশ মানুষ ইইউ সেনাবাহিনীর পক্ষে মত দিয়েছেন।
ইউরোপীয় প্রতিরক্ষা একীকরণ নিয়ে ঐতিহ্যগতভাবে সতর্ক দেশগুলোতেও সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রস্তাবটির পক্ষে। পোল্যান্ড ও বুলগেরিয়ায় প্রায় ৭০ শতাংশ এবং জার্মানিতে ৬৯ শতাংশ উত্তরদাতা নিজস্ব ইইউ সেনাবাহিনী সমর্থন করেছেন।
গ্লোবসেক আটলান্টিক অঞ্চলের ১৪টি দেশে এই জরিপ চালিয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ১১টি সদস্য দেশের পাশাপাশি ইউক্রেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষের মতামতও নেওয়া হয়েছে।
ইউরোপের নিজস্ব সামরিক সক্ষমতা বাড়ানোর এই আগ্রহকে ন্যাটোর প্রতি অনাস্থা হিসেবে দেখা যাচ্ছে না জরিপে। জরিপে অংশ নেওয়া ন্যাটো দেশগুলোর ৭৭ শতাংশ মানুষ বলেছেন, ভোট হলে তাঁরা জোটের সদস্য থাকার পক্ষেই ভোট দেবেন। আর ইইউ দেশগুলোর ৭৮ শতাংশ উত্তরদাতা জোটের পাশাপাশি ব্লকটির নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার পক্ষে।
জাতীয় প্রতিরক্ষায় সরাসরি অংশগ্রহণের বিষয়েও ইতিবাচক মনোভাব দেখা গেছে। যেসব দেশে বাধ্যতামূলক সামরিক সেবা নেই, সেসব দেশের ৬৪ শতাংশ উত্তরদাতা তা আবার চালু করার পক্ষে মত দিয়েছেন। এই হার সবচেয়ে বেশি চেকিয়া, ফ্রান্স, জার্মানি ও স্লোভাকিয়ায়।
ওয়াশিংটনকে ঘিরে আটলান্টিকের দুই পাড়ের দূরত্বও ফুটে উঠেছে জরিপে। জরিপে অংশ নেওয়া ইউরোপীয় দেশগুলোর এক-তৃতীয়াংশের বেশি মানুষ এখন যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার জন্য হুমকি মনে করেন। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনে এই ধারণা পোষণ করেন প্রায় অর্ধেক উত্তরদাতা, আর মধ্য ও পূর্ব ইউরোপে এই হার প্রায় এক-তৃতীয়াংশ।
যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা হুমকি মনে করা মানুষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ—এমন একমাত্র দেশ জরিপে জার্মানি।
ইউক্রেন যুদ্ধ নিয়েও জার্মান উত্তরদাতাদের মত অন্যদের থেকে আলাদা। তাঁদের ৪০ শতাংশ মনে করেন, রুশভাষীদের প্রতি ইউক্রেনের আচরণই আগ্রাসনকে ন্যায্যতা দেয়, আর ৩৯ শতাংশ মনে করেন পশ্চিমারাই যুদ্ধ উসকে দিয়েছে।
কিয়েভের প্রতি জার্মানদের সমর্থনও তুলনামূলক নরম। মাত্র অর্ধেকের কিছু বেশি উত্তরদাতা মনে করেন ইউক্রেনের লড়াই জার্মানির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, আর প্রায় ১০ জনের মধ্যে ৬ জন শান্তির বিনিময়ে ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রস্তাব মেনে নিতে রাজি।
রাশিয়ার অব্যাহত আগ্রাসন এবং ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যে ইউরোপীয় সরকারগুলো নিজেদের সামরিক সক্ষমতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করছে—জরিপের ফল এসেছে সেই প্রেক্ষাপটে।

