…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

লিবিয়ায় গাইবান্ধার সাইফুল জিম্মি, ৫ লাখ নিয়েও আরও ৪২ লাখ দাবি—সিংড়া থেকে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
লিবিয়ায় গাইবান্ধার সাইফুল জিম্মি, ৫ লাখ নিয়েও আরও ৪২ লাখ দাবি—সিংড়া থেকে গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

লিবিয়ায় মো. সাইফুল নামের এক যুবককে জিম্মি করে তাঁর পরিবারের কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার দুজন হলেন মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, গ্রেপ্তার দুজন মানব পাচারকারী চক্রের সদস্য।

শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সাইফুল (৩৯) প্রায় দুই বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় সোহেল নামের এক দালালের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর মানব পাচারকারী চক্র তাঁকে জিম্মি করে।

ঘটনার মোড় নেয় ২০২৫ সালের ৫ আগস্ট। ওই দিন লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয়, সাইফুলকে আটক রাখা হয়েছে। জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

অপহরণকারীরা আরও জানায়, সাইফুলের সঙ্গে কথা বলার সুযোগ পেতে হলেও মুক্তিপণের অর্ধেক টাকা আগে পরিশোধ করতে হবে।

ছেলের জীবন বাঁচাতে পরিবার টাকা জোগাড়ের চেষ্টা শুরু করে। ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠান পরিবারের সদস্যরা।

কিন্তু টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।

এরপর সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দাবি করেন, সাইফুলের বিষয়ে সব তথ্য তাঁর কাছে আছে। প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে সাইফুলকে উদ্ধার করে আনার আশ্বাস দিয়ে তিনি সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলেন। সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরবর্তী সময়ে অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। ছেলেকে উদ্ধারের কথা বলে তাঁর কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন এবং তাঁদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে।

আব্দুস সামাদ জানিয়ে দেন, ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে তিনি আর কোনো টাকা দেবেন না। এরপর থেকে অপহরণকারীরা পরিবারের সঙ্গে আর যোগাযোগ করেনি।

প্রতারিত হয়ে এবং ছেলের জীবন নিয়ে শঙ্কিত হয়ে আব্দুস সামাদ গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার ও প্রতারণার অভিযোগে মামলা করেন। মামলাটির তদন্তভার নেয় সিআইডির টিএইচবি শাখা।

তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে নাটোরের সিংড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজনের বাড়ি সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামে।

সিআইডি জানায়, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং মামলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান জানার চেষ্টা চলছে। তাঁকে উদ্ধারের পাশাপাশি দেশি-বিদেশি মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…