যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার অভিবাসী বহিষ্কার, গ্রেপ্তার ৪ লাখ ৯১ হাজারের বেশি
যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, চলতি অর্থবছরে দেশটিতে নির্বাসন (ডিপোর্টেশন) ও অভিবাসন-সংক্রান্ত গ্রেপ্তারের সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বুধবার জানায়, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) ২০২৬ অর্থবছরে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে বহিষ্কার করেছে এবং ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসন গ্রেপ্তার চালিয়েছে।
ডিএইচএসের তথ্য অনুযায়ী, এই বহিষ্কারের সংখ্যা আইসের ২৩ বছরের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আগের রেকর্ড ছিল ২০২৫ সালে ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জন বহিষ্কার।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে বলেন, ‘২০২৬ অর্থবছরে আইসের ইতিহাসে যেকোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি বহিষ্কার ও গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের দিক থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর ছিল আইসের ইতিহাসের সেরা সেপ্টেম্বর।’
আইস জানিয়েছে, সেপ্টেম্বর মাসে তারা ৪৮ হাজারের বেশি গ্রেপ্তার করেছে। এর আগে আগস্টে গ্রেপ্তারের সংখ্যা পৌঁছেছিল ৫০ হাজার ৯২৫ জনে, যা ছিল টানা দুই মাসের রেকর্ড ধারার অংশ।
এই প্রতিবেদন প্রকাশের কয়েক দিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছিলেন, তাঁর প্রশাসনের অভিবাসন অভিযান হয়তো ‘অতিরিক্ত কঠোর’ হয়ে গেছে। সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘অনেকেই বলবে এটা দারুণ, আবার অনেকেই মনে করবে এটা অতিরিক্ত কঠোর।’ তবে তিনি নিজের কাজের পক্ষে যুক্তি দিয়ে বলেন, খারাপ লোকদের বের করে দেওয়ার ক্ষেত্রে তিনি খুব ভালো মূল্যায়ন পান; তবে যাঁদের ভালো চাকরি ছিল এবং যাঁদের একমাত্র আইনভঙ্গ ছিল অবৈধভাবে দেশে প্রবেশ, তাঁদেরও সরিয়ে দেওয়ায় তিনি সমালোচিত হন।
ওয়াশিংটন ডিসিভিত্তিক সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) গবেষণা পরিচালক স্টিভেন ক্যামারোটা আল জাজিরাকে বলেন, কোনো সন্দেহ নেই যে এই প্রশাসন আগের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে অভিযান জোরদার করেছে। তাঁর মতে, অভিযানের ভয়ে দেশ ছাড়ার হার বেড়ে যাওয়ায় অবৈধ অভিবাসীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে ক্যামারোটা ডিএইচএসের প্রকাশিত পরিসংখ্যানের অস্পষ্টতার দিকেও ইঙ্গিত করেন। তিনি বলেন, তথ্য সব সময়ই অসম্পূর্ণ থাকে এবং পরিমাপ করা কঠিন; এই সংখ্যাগুলোর কত শতাংশ দেশের ভেতর থেকে গ্রেপ্তার, কত শতাংশ সীমান্ত বা বিমানবন্দর থেকে ফেরত পাঠানো — তা তিনি নির্ণয় করতে পারেননি। তাঁর মতে, বহিষ্কার বাড়লে আরও মানুষ নিজে থেকে দেশে ফিরতে উৎসাহিত হয়, যা এই প্রশাসনের কেন্দ্রীয় লক্ষ্যগুলোর একটি।
ট্রাম্পের অভিবাসন অভিযান এখন তাঁর জন্য রাজনৈতিক ঝুঁকিতে পরিণত হয়েছে। রয়টার্স/ইপসোস জরিপ অনুযায়ী, অভিবাসন ইস্যুতে তাঁর সমর্থনের হার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরুর সময়ের ৫০ শতাংশ থেকে নেমে ৩৮ শতাংশে এসেছে।
আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা ট্রাম্পের অভিবাসন অভিযান থামাতে তৎপর হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তারা আইসের কৌশল নিয়ে তদন্ত এবং বৈধ মর্যাদা পাওয়ার পথ সম্প্রসারণের পরিকল্পনা করছে।
হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির আসন্ন চেয়ারম্যান ও মিসিসিপির ডেমোক্র্যাট বেনি থম্পসন রয়টার্সকে দেওয়া বিবৃতিতে বলেন, ‘আমরা তদন্ত করব, কীভাবে প্রশাসন ডিএইচএসকে আমেরিকানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং এর নিয়ন্ত্রণহীন অভিবাসন নীতি।’
মার্কিন ক্যাপিটলে এক সংবাদ সম্মেলনে টেক্সাসের মধ্যপন্থী ডেমোক্র্যাট হেনরি কুয়েলার বলেন, অপরাধীদের ওপর বহিষ্কার অভিযান কেন্দ্রীভূত করার বিষয়ে তিনি ইতিমধ্যে ট্রাম্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা চরমপন্থী হব না।’
তবে কয়েকজন ডেমোক্র্যাট আরও কঠোর ভাষায় কথা বলেছেন। মিনেসোটায় সিনেটর নির্বাচিত পেগি ফ্ল্যানাগান তাঁর বিজয় উদ্যাপনের সময় বলেন, ‘আমরা আইসকে ছিন্নভিন্ন করে ফেলব।’ মিনেসোটায় জানুয়ারিতে ফেডারেল অভিবাসন অভিযানের সময় এজেন্টদের গুলিতে দুজন নিহত হয়েছিলেন।
মিনিয়াপোলিসে নিহত দুই মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তি ও রেনি নিকোল গুডের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ফুটেজে ছড়িয়ে পড়ে এবং তা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দেয়। অন্যান্য ফুটেজে মুখোশধারী এজেন্টদের রাসায়নিক পদার্থ ছোড়া এবং কার্যক্রমের ভিডিও ধারণকারী বা প্রতিবাদরত বেসামরিকদের মারধরের দৃশ্যও দেখা গেছে।


