…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও তাঁর স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও তাঁর স্বামী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর সাবেক স্ত্রী, সাবেক স্ত্রীর বোন ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, পরকীয়ার জেরে বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ও চাটখিলের সানুখালী গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা (২৬), তাঁর বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫)। সেলিম খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। তবে রাসেল বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি; তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন।

এর মধ্যে চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন মুক্তা। বিষয়টি জানাজানি হওয়ার পর রাসেল মুক্তাদের বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেন।

এসআরবির ভাষ্য অনুযায়ী, ৬ নভেম্বর রাসেলের মোবাইল ফোনে কল করে তাঁকে নিজেদের বাড়িতে আসতে বলেন মুক্তা। ওই ফোন পেয়ে রাত ১০টার দিকে মুক্তাদের বাড়িতে যান রাসেল। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অন্য আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা।

এসআরবি আরও জানায়, হত্যার ঘটনা ধামাচাপা দিতে রাসেলের মরদেহ একটি কম্বলে মুড়িয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়া হয়।

নিখোঁজের পাঁচ দিন পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের চানখালি গ্রামের রেহান উদ্দিন হাজি বাড়ির ওই পরিত্যক্ত ঘরের মাটি খুঁড়ে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা করেন।

মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে গ্রেপ্তার করে। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার তিনজনকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…