সাফ সেমিফাইনালের আগে বাংলাদেশের দর্শকদের ‘চাপ’ হিসেবে দেখছেন পাকিস্তান গোলকিপার ইউসুফ
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্ব শেষে এখন সেরা চারের লড়াই। ফেভারিটের মতো খেলে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ঘরের মাঠে খেলা হওয়ায় লাল-সবুজের সমর্থনে গ্যালারিতে দর্শক উপস্থিতি থাকবে ভরপুর। এই সমর্থকদেরই ‘চাপ’ হিসেবে দেখছেন সেমিফাইনালের প্রতিপক্ষ পাকিস্তানের গোলকিপার ইউসুফ আহমেদ বাট।
সেমিফাইনালের আগের দিন সকালে শেষ অনুশীলন করেছে পাকিস্তান। নতুন করে আরও পাঁচ খেলোয়াড় যুক্ত হয়েছে তাদের দলে। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে পাকিস্তান শিবির, এবং বাংলাদেশের বিপক্ষে দারুণ একটি ম্যাচ হবে বলে আশা করছে তারা।
শুক্রবার অনুশীলনের পর সংবাদমাধ্যমে কথা বলেন পাকিস্তান দলের গোলকিপার ইউসুফ বাট। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। পাঁচজন নতুন ছেলে দলে এসেছে, যারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। তবে আবারও বলছি, সবকিছুই দলগত ব্যাপার, কোনো ব্যক্তিগত বিষয় নয়। আমরা দলগতভাবে বাংলাদেশের বিপক্ষে সেরাটা দেব এবং আশা করি সেটাই যথেষ্ট হবে।’
দুই দলের পুরনো লড়াইয়ের কথা টেনে বাট বলেন, ‘বাংলাদেশ এবং পাকিস্তান সবসময়ই কিছু ভালো ম্যাচ খেলে। ২০১৮ সালেও তারা আমাদের নিজেদের জালে জড়ানো একটি গোলে বেশ ভাগ্যবান ছিল। ঠিক আছে, এটাই ফুটবল। তাই এবার আমাদের পালা।’
দর্শকের চাপ নিয়ে বাট বলেছেন, ‘আমরা জানি বাংলাদেশের দর্শকদের পক্ষ থেকে ভালোই চাপ থাকবে। তবে ব্যক্তিগতভাবে আমি খুশি যে সহায়তার জন্য ভিএআর থাকবে। আমার মনে হয় এটি আমাদের জন্য বড় একটি সাহায্য হবে, কারণ ঘরের দল ও সমর্থকদের সামনে খেলার সময় অনেক চাপ তৈরি হয়।’
ভারত-পাকিস্তান ফাইনাল হবে কি না — এমন প্রশ্নে বাট বলেন, ‘তেমনই আশা করি। সত্যিই ভারতের বিপক্ষে আবার খেলতে চাই, কারণ আগের ম্যাচ আমাদের জন্য খুবই, খুবই খারাপ ছিল। বলব, গত ১২-১৩টি ম্যাচের মধ্যে সেটিই হয়তো আমাদের সবচেয়ে বাজে খেলা ছিল। তাই আশা করি আমরা ফাইনালে তাদের বিপক্ষে আবার খেলব। তবে এখন এক ম্যাচ করে এগোতে চাই, এখন আমাদের সামনে বাংলাদেশ।’
বাংলাদেশ দলের মূল খেলোয়াড়দের নিয়ে বাট বলেছেন, ‘আমি হামজা বা শমিত সোমকে নিয়ে ভাবছি না। আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলার কথা ভাবছি। তারা নিঃসন্দেহে ভালো খেলোয়াড়, তবে আমাদেরও খুব ভালো খেলোয়াড় আছে।’
হামজা চৌধুরীকে নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হচ্ছে। আমাদের আব্দুল্লাহ ইকবাল আছে, ঈসা সুলাইমান আছে, আদিল নবী আছে, আব্দুল আরশাদ আছে। হ্যাঁ, তারা দারুণ খেলোয়াড়, কিন্তু ভাই, আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমাদেরও দারুণ সব খেলোয়াড় থাকবে।’


