…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র জরাজীর্ণ, জন্মবার্ষিকীতে উঠল সংস্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক
পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র জরাজীর্ণ, জন্মবার্ষিকীতে উঠল সংস্কারের দাবি
ছবি: সংগৃহীত

‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছিল স্মৃতিকেন্দ্র। কিন্তু দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে কেন্দ্রটি এখন নিজেই স্মৃতি হারানোর পথে।

স্মৃতিকেন্দ্রটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন, এটি পরিচালনা করে বাংলা একাডেমি। এখানে নেই লেখালেখি কিংবা সাহিত্যচর্চার উপযুক্ত পরিবেশ। স্থানীয় সাহিত্যপ্রেমীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান দিন দিন গুরুত্ব হারাচ্ছে। ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা অধিকাংশ মানুষ ও শিক্ষার্থীরা কেন্দ্রটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠলেও কর্তৃপক্ষের ভাষ্য, ছুটির দিনে শুধু বিক্রয়কেন্দ্র ও পাঠাগার বন্ধ রেখে স্মৃতিকেন্দ্রটি খোলা থাকছে।

আজ ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে পদমদীর স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রথমবারের মতো দিনব্যাপী মীরমেলা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে স্থানীয় ব্যক্তিদের প্রশ্ন, বছরে এক দিন জন্মবার্ষিকী উদ্‌যাপনের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে এই সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ?

গত মঙ্গলবার স্মৃতিকেন্দ্রে গিয়ে দেখা গেছে, তেমন কোনো দর্শনার্থী নেই। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, কোথাও কোথাও দেয়ালের রং ও পলেস্তারা খসে পড়েছে। মূল প্রবেশপথের দুই পাশে থাকা বাতিগুলোও নেই, মাঠের বেঞ্চগুলোয় জমে আছে ময়লা। গ্রন্থাগারের বুকশেলফে মীর মশাররফ হোসেনের লেখা কয়েক শ বই সাজানো রয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের আবর্জনা পরিষ্কার এবং রং করার কাজ শুরু হয়েছে।

১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে নানাবাড়িতে জন্ম নেন মীর মশাররফ হোসেন। তাঁর পৈতৃক নিবাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে। শৈশবে কুষ্টিয়ায় লেখাপড়া শুরু করেন তিনি, পরে পদমদী গ্রামের বিদ্যালয়েও পড়াশোনা করেন। কৃষ্ণনগর ও কলকাতায় তাঁর শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। কর্মজীবনের বড় একটি সময় কেটেছে ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে, এ ছাড়া টাঙ্গাইলের দেলদুয়ার স্টেটেও নায়েবের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৯ সালের জুলাইয়ে ৮৪ শতাংশ জমির ওপর ২ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে স্মৃতিকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। ২০০১ সালের ১৯ এপ্রিল কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়, আর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ২০০৫ সালে। এখানে রয়েছে সংগ্রহশালা, ১০০ আসনবিশিষ্ট সেমিনার কক্ষ, দপ্তর, গ্রন্থাগার, অতিথিকক্ষ, খাবারঘর, রান্নাঘর ও শৌচাগার। তবে এসব স্থাপনার অনেকগুলোই এখন জরাজীর্ণ।

১৯১২ সালের ১৯ ডিসেম্বর পদমদীতে মৃত্যুবরণ করেন এই সাহিত্যিক। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, স্ত্রী কুলসুমের পাশে পদমদী গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

একসময় রক্ষণাবেক্ষণের অভাবে তাঁর কবরটিও হারিয়ে গিয়েছিল। পরে বাংলাদেশ টেলিভিশনের ‘কথামালা’ ম্যাগাজিন অনুষ্ঠানে এ নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের নজরে আসে। এরপর বাংলা একাডেমির তত্ত্বাবধানে সেখানে নির্মাণ করা হয় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র।

ফরিদপুর থেকে আসা দর্শনার্থী মাসুদুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগ্রহশালায় মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও জীবনসংক্রান্ত নানা নিদর্শন থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। স্মৃতিকেন্দ্র ঘিরে পর্যটনকেন্দ্র ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা শোনা গিয়েছিল, কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই। প্রতিবছর লেখকের জন্মবার্ষিকীও উদ্‌যাপন করা হয় নামমাত্র।

সম্প্রতি স্মৃতিকেন্দ্রটি পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি বলেন, এটি বাংলা একাডেমির অধীনে থাকায় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলো তাদেরই দেখভাল করার কথা। লোকবল-সংকট, বেঞ্চ মেরামত, দেয়ালে রং করা, ইন্টারনেট সংযোগসহ কয়েকটি বিষয় নিয়ে বাংলা একাডেমির সঙ্গে কথা বলেছেন তিনি।

মীর মশাররফ হোসেনের ওপর গবেষণার জন্য বৃত্তির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বাংলা একাডেমির উপপরিচালক রেজাউর রহমান। তাঁর কথা, দ্রুত স্মৃতিকেন্দ্রটি সংস্কার, আধুনিক সংগ্রহশালা ও সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সাহিত্যপ্রেমী ও সচেতন মানুষের দাবি, শুধু জন্মবার্ষিকী উদ্‌যাপন নয়, মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতিকেন্দ্রটিকে কার্যকর সাংস্কৃতিক ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলা দরকার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…