অ্যারিজোনার মরু এলাকায় যৌন অপরাধীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার, পুলিশ বলছে পূর্বপরিকল্পিত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে নিবন্ধিত এক যৌন অপরাধীকে মরু এলাকায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, হত্যাটি পূর্বপরিকল্পিত ছিল।
গ্রেপ্তার দুজন হলেন জ্যাকব মিডলব্রুক (৩৫) ও তাঁর বান্ধবী লেইন ম্যাকইনটোশ (৩৬)। নিহত ব্যক্তির নাম অ্যারন ক্রিস্টোফার ওয়ারেন, বয়স ২৯ বছর। বুলহেড সিটি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, শনিবার সিলভার ক্রিক রোডের ৩১০০ ব্লকের পাশে সড়কের ধারে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে একজন গাড়িচালক খবর দেন। মৃত্যুর পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় গোয়েন্দাদের ডাকা হয় এবং হত্যার তদন্ত শুরু হয়।
তদন্তে গোয়েন্দারা নিহত ব্যক্তিকে ওয়ারেন হিসেবে শনাক্ত করেন। পুলিশের ভাষ্যে তিনি বুলহেড সিটির একজন অস্থায়ী বাসিন্দা (ট্রানজিয়েন্ট) ছিলেন। একই সঙ্গে ওয়ারেনের গাড়িটি নিখোঁজ থাকার বিষয়টিও তদন্তকারীদের নজরে আসে।
কয়েক ঘণ্টা পর লাস ভেগাস মেট্রো পুলিশ বুলহেড সিটির তদন্তকারীদের সহায়তায় নেভাদার লাফলিনের একটি ক্যাসিনোতে ওয়ারেনের গাড়িটি পার্ক করা অবস্থায় খুঁজে পায়। সেখান থেকেই মিডলব্রুক ও ম্যাকইনটোশকে আটক করা হয়।
দুজনকে লাস ভেগাসের ক্লার্ক কাউন্টি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। সেখান থেকে তাঁদের অ্যারিজোনার মোহাভে কাউন্টিতে প্রত্যর্পণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। প্রথমে তাঁদের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হলেও সোমবার তা প্রথম মাত্রার হত্যার অভিযোগে উন্নীত করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনও স্থানীয় অস্থায়ী বাসিন্দা এবং গত কয়েক মাস ধরে ওয়ারেনকে চিনতেন। গোয়েন্দারা জানতে পেরেছেন, নিবন্ধিত যৌন অপরাধীদের প্রতি তাঁদের বিরূপ মনোভাব ছিল এবং তাঁরা আগেভাগেই হত্যার পরিকল্পনা করেছিলেন।
তদন্তকারীদের ভাষ্যে, ওয়ারেনের মরদেহ কোথায় ফেলা হবে, সেই মরু এলাকাটিও তাঁরা আগেই ঠিক করে রেখেছিলেন। এমনকি রাস্তার পাশে মরদেহ ঢেকে রাখা যায় কি না, তা যাচাই করতে তাঁরা আসবাবপত্র ও বিছানা মেপেও দেখেছিলেন বলে পুলিশ জানিয়েছে। ওয়ারেন ছিলেন লেভেল-২ পর্যায়ের নিবন্ধিত যৌন অপরাধী।
ঘটনার পর বুলহেড সিটি পুলিশের প্রধান পল জর্জ বলেছেন, লেভেল-২ বা লেভেল-৩ যৌন অপরাধী এলাকায় এলে বা ঠিকানা বদলালে বিভাগটি জনসেবা হিসেবে সেই তথ্য জানায়। নিবন্ধিত ঠিকানার প্রায় এক হাজার ফুট ব্যাসার্ধের বাসিন্দাদের ডাকযোগে নোটিশ পাঠানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তা জানানো হয়।
পল জর্জ বলেন, তথ্য দেওয়ার লক্ষ্য ভয় বা আতঙ্ক তৈরি করা নয় এবং এই তথ্য ব্যবহার করে কাউকে হুমকি, ভয়ভীতি, হয়রানি বা ক্ষতি করা তিনি বরদাশত করবেন না। তিনি জানান, তাঁদের ফৌজদারি তদন্ত ব্যুরো প্রতি মাসে নিবন্ধিত যৌন অপরাধীদের ঠিকানা যাচাই করে, তাঁরা নিবন্ধনের শর্ত মানছেন কি না তা নিশ্চিত করতে।



