ইউক্রেন আলোচনায় ইউরোপকে যুক্ত করার ঘোষণা কুশনারের, মস্কো এখনো নিশ্চিত করেনি

ইউক্রেন যুদ্ধ বন্ধের পরবর্তী দফা আলোচনায় ইউরোপীয় অংশীদারদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার। তবে মস্কো এখনো এ বিষয়ে সম্মত হয়েছে কি না, তা নিশ্চিত করেনি।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার চলতি সপ্তাহে ক্রেমলিন সফরের পর আয়ারল্যান্ডে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার ডাবলিনের কাছে একটি সামরিক ঘাঁটিতে পৌঁছে জেলেনস্কিকে পাশে নিয়ে তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
তিনজনের ঘোষণার মূল অগ্রগতি হলো, ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শেষ করার ভবিষ্যৎ আলোচনায় ইউরোপীয় আলোচকেরা অংশ নেবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সর্বাত্মক হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়।
জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ভবিষ্যৎ আলোচনায় ইউরোপের একটি 'কণ্ঠস্বর' থাকবে এবং আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সাম্প্রতিক ত্রিপক্ষীয় আলোচনার মতো ইউরোপকে আলাদাভাবে পাশে রাখা হবে না।
জেলেনস্কি বলেন, 'এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধটি ইউরোপে। আমরা ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হব, আর সে কারণেই সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চয়তার জন্য ইউরোপের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।'
এক্সে দেওয়া পোস্টে কুশনার লেখেন, 'উভয় পক্ষই এখন পরবর্তী দফা আলোচনা আমাদের ইউরোপীয় অংশীদারদের অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত করতে সম্মত হয়েছে।' তিনি বলেন, এতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার ভূখণ্ডগত বিষয়ের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা করা যাবে।
তবে মস্কো ইউরোপীয় আলোচকদের অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে কি না, তা নিশ্চিত করেনি। শুক্রবার সকালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেয়ার করা মন্তব্যে প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, ইউরোপীয়দের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে; তারা সব উপায়ে আলোচনায় যোগ দিতে চাইছে, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের ভাষায়, তারা শান্তি চায় নাকি যুদ্ধের ধারাবাহিকতা চায়, তা তাদেরই ঠিক করতে হবে।
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে উইটকফ ও কুশনার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে পুতিন ইঙ্গিত দেন, ইউক্রেনের অংশবিশেষ নিয়ন্ত্রণের ভূখণ্ডগত দাবি থেকে রাশিয়া সরে আসবে না।
পুতিন ইউক্রেনে বিদেশি শান্তিরক্ষী সেনা মোতায়েনের ধারণাও প্রত্যাখ্যান করেন। এতে যুদ্ধ শেষ করার চুক্তি কাছাকাছি পৌঁছেছে বলে যে আশা তৈরি হয়েছিল, তা ম্লান হয়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।


