…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে তুলার চাহিদা বাড়লেও জ্বালানি সংকটে আমদানি-ব্যবহার কমছে বাংলাদেশে, এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে তুলার চাহিদা বাড়লেও উৎপাদন সেই গতিতে বাড়ছে না। সরবরাহ ঘাটতি ও বৈশ্বিক মজুত কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু বিশ্বের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক বাংলাদেশে চিত্রটি উল্টো—এখানে তুলার ব্যবহার ও আমদানি দুটোই কমছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) নভেম্বর ২০২৬-এর 'কটন: ওয়ার্ল্ড মার্কেটস অ্যান্ড ট্রেড' প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলন থেকে পাওয়া গেছে।

ইউএসডিএর নভেম্বর মাসের ওয়ার্ল্ড অ্যাগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস (ওয়াসডে) অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছরে বিশ্বে তুলার ব্যবহার দাঁড়াতে পারে ১২ কোটি ২৭ লাখ ৫০ হাজার বেলে, যেখানে উৎপাদনের পূর্বাভাস ১১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার বেল। অর্থাৎ ব্যবহার উৎপাদনের চেয়ে প্রায় ৫২ লাখ ৭০ হাজার বেল বেশি হতে পারে।

একই সঙ্গে বৈশ্বিক মজুতও কমছে। চলতি বিপণন বছর শেষে বিশ্বে তুলার সমাপনী মজুত আগের বছরের ৭ কোটি ৫৬ লাখ ৪০ হাজার বেল থেকে কমে ৭ কোটি ৫ লাখ ৭০ হাজার বেলে নামতে পারে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। বড় উৎপাদনকারী দেশগুলোতে ফলন উল্লেখযোগ্যভাবে না বাড়লে আগামী মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে তুলার দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে।

২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে তুলার ব্যবহার ও আমদানি—দুটোরই পূর্বাভাস কমিয়েছে ইউএসডিএ। সংস্থাটির হিসাবে, এ সময়ে দেশে তুলার ব্যবহার হতে পারে ৭৪ লাখ বেল এবং আমদানি ৭২ লাখ বেল। ২০২৪-২৫ বিপণন বছরে ব্যবহার ছিল ৮২ লাখ বেল; অর্থাৎ দুই বছরের ব্যবধানে দেশে তুলার ব্যবহার প্রায় ৮ লাখ বেল কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেলের বিশ্লেষণ অনুযায়ী, তুলার ব্যবহার কমার প্রধান কারণ জ্বালানি সংকট। দেশীয় গ্যাসের উৎপাদন হ্রাস, মধ্যপ্রাচ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বিঘ্ন এবং একটি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে গ্রীষ্মকালজুড়ে শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পায়নি।

ফলে অনেক স্পিনিং মিল সক্ষমতার অনেক কম উৎপাদন করেছে। কোনো কোনো কারখানায় উৎপাদন সক্ষমতার ৩০ শতাংশের নিচে নেমে আসে, আবার কিছু কারখানা পুরোপুরি বন্ধও ছিল। এতে তুলার চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকরাও তুলা কেনা কমিয়ে দেন।

স্থানীয় স্পিনিং শিল্পকে সুরক্ষা দিতে সরকার সম্প্রতি ১০ থেকে ৩০ কাউন্টের সুতা শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানির পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে নিরবচ্ছিন্ন জ্বালানি না থাকায় স্থানীয় মিলগুলো এই নীতিগত সুবিধার সুফল নিতে পারছে না। অন্যদিকে পোশাক রপ্তানিকারকদেরও উৎপাদন উপকরণের বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হচ্ছে।

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছর শেষে বাংলাদেশে তুলার মজুত দাঁড়াতে পারে ১৬ লাখ ২০ হাজার বেলে, যা দেশের বার্ষিক তুলা ব্যবহারের প্রায় ২২ শতাংশ। গ্রীষ্মের সংকটের পর গ্যাস সরবরাহের কিছুটা উন্নতি হলেও তা এখনো চাহিদার তুলনায় কম। গত ৪ থেকে ৭ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় এই অনিশ্চয়তা নতুন করে সামনে আসে।

মহিউদ্দিন রুবেলের মতে, স্পিনিং মিলগুলো যত দিন নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পাবে, তত দিন স্থানীয় সুতা উৎপাদন বাড়াতে সরকারের নীতিগত সহায়তা তুলার চাহিদা বৃদ্ধিতে তেমন ভূমিকা রাখতে পারবে না।

বাংলাদেশের বিপরীতে ভিয়েতনামে তুলার ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছরে ভিয়েতনামে তুলার ব্যবহার ও আমদানি—দুটোই প্রায় ৮৩ লাখ বেল হতে পারে। দেশটির সমাপনী মজুত ১০ লাখ ৩০ হাজার বেল, যা বার্ষিক ব্যবহারের প্রায় ১২ শতাংশ।

ভিয়েতনামে ২০২৪-২৫ বিপণন বছরে তুলার ব্যবহার ছিল ৮০ লাখ বেল, যা পরের বছর বেড়ে ৮১ লাখ ৫০ হাজার বেলে দাঁড়ায় এবং ২০২৬-২৭ সালে ৮৩ লাখ বেলে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে বাংলাদেশে ব্যবহার ৮২ লাখ বেল থেকে কমে ৭৪ লাখ বেলে নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, দক্ষ বন্দর ও সরবরাহ ব্যবস্থাপনার কারণে তুলনামূলক কম মজুত নিয়েও ভিয়েতনাম আমদানি ও ব্যবহার কার্যক্রম সচল রাখছে, যেখানে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের স্পিনিং শিল্প সক্ষমতা কাজে লাগাতে পারছে না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…