১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো, রাভেন্নার হয়ে ফোরলি ডার্বিতে নামবেন ৪৬ বছর বয়সে
দীর্ঘ ১১ বছর পর আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগ সিরি ‘সি’-র ক্লাব রাভেন্নার হয়ে আগামী রোববার ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচে মাঠে নামবেন তিনি।
৪৬ বছর বয়সী এই তারকা ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি ও তিন দিনের পূর্ণাঙ্গ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে রাভেন্না কর্তৃপক্ষ।
কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১১টায় স্টাদিও বেনেল্লিতে দলের সঙ্গে মূল অনুশীলনে অংশ নেবেন রোনালদিনহো।
সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অনুশীলনের প্রথম ১৫ মিনিট পর্যবেক্ষণ করতে পারবেন; এরপরের অংশ হবে রুদ্ধদ্বার।
অনুশীলনের পরই ফোরলির বিপক্ষে ম্যাচের মূল স্কোয়াডে তাঁকে রাখা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাভেন্নার কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি।
রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে রাভেন্না-ফোরলি ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেলিভিশন চ্যানেল স্কাই ও ডিজিটাল প্ল্যাটফর্ম নাউ।
রোনালদিনহো সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। এরপর ২০১৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দেন।
দীর্ঘ বিরতির পর এই ম্যাচে তাঁর সামনে রয়েছে এক অনন্য সুযোগ। পেশাদার ক্যারিয়ারে তিনি এ পর্যন্ত আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ২৯৯টি গোল করেছেন; রোববার গোল পেলেই তিনি স্পর্শ করবেন ৩০০ গোলের মাইলফলক।



