বহুপাক্ষিকতা ভেঙে পড়লে বিপর্যয়ের ঝুঁকি, সতর্ক করলেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, বহুপাক্ষিকতার ক্ষয় যেকোনো সংকটকে দ্রুত গ্রহব্যাপী ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সের আজকের সংখ্যায় প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন।
নিবন্ধে সানচেজ লিখেছেন, এই পথের শেষে অপেক্ষা করছে আরেকটি বিশ্বযুদ্ধ। তার ভাষায়, বহুপাক্ষিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় যেকোনো সংকট দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে গেছে।
সানচেজের সরকারের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি তুলে ধরা এই নিবন্ধে তিনি চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে স্পেনের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি লিখেছেন, ওই সিদ্ধান্ত কোনো মিত্রের প্রতি বৈরিতা ছিল না, ইরানি শাসনের প্রতি নিরপেক্ষতা বা সহানুভূতির প্রকাশও ছিল না; বরং তা ছিল এই বিচার যে যুদ্ধে জড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ত।
তিনি আরও লিখেছেন, শান্তির প্রতি প্রতিশ্রুতি ধরে রাখতে হলে স্পেনকে রাজনৈতিক মূল্য দিতে হলেও ‘না’ বলতে প্রস্তুত থাকতে হয়েছে। তার দাবি, আরও দেশ একই কাজ করলে গাজা ও ইরানের যুদ্ধ চালানো অনেক কঠিন ও ব্যয়বহুল হতো। ২০১৮ সাল থেকে তার নেতৃত্বাধীন স্পেন সরকারকে অনুসরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক ‘যুদ্ধ-প্রস্তুতি’ কৌশলের সমালোচনা করে সানচেজ লিখেছেন, এমনকি মধ্যপন্থী নেতারাও যুদ্ধ-প্রস্তুতির ভাষা গ্রহণ করছেন। তারা যুদ্ধ শুরু করতে চান না, কিন্তু তাদের কথাবার্তা একটি বিপজ্জনক সামরিক মানসিকতাকে উসকে দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
যুদ্ধবিরোধী অবস্থানের ভিত্তি হিসেবে তিনি স্পেনের নাগরিক সমাজের দশকের পর দশক ধরে চলা যুদ্ধবিরোধী আন্দোলনের কথা তুলে ধরেছেন। ২০০৩ সালে ইরাক আক্রমণে হোসে মারিয়া আসনারের রক্ষণশীল সরকার সমর্থন দিলে স্পেনে ‘নো আ লা গেরা’ (যুদ্ধকে না) স্লোগানে প্রতিবাদ হয়েছিল; সানচেজ দাবি করেছেন, তিনি নিজেও সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তার ভাষায়, বিশ্ব আবারও সেই কণ্ঠ উপেক্ষা করার সামর্থ্য রাখে না।
ইউক্রেনকে বর্ধিত সহায়তার প্রতিশ্রুতি দেওয়া ৩৪টি দেশের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর মতো তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েও সংশয় প্রকাশ করেছেন সানচেজ। এমন উদ্যোগকে তিনি বহুপাক্ষিক ব্যবস্থার অকার্যকারিতার ফল হিসেবে দেখছেন।
শান্তি এবং ছোট ও মাঝারি শক্তির পক্ষের কণ্ঠ হিসেবে নিজেকে তুলে ধরে সানচেজ জাতিসংঘের সংস্কারের আহ্বান জানিয়েছেন।
এই নিবন্ধ এমন সময়ে এলো যখন অধিকাংশ জরিপ বলছে, ২৯ নভেম্বরের আগাম নির্বাচনের পর সানচেজ ক্ষমতা হারাতে যাচ্ছেন এবং সংসদে ডানপন্থী ও চরম ডানপন্থী দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

