লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৩১ জন গ্রেপ্তার
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মনিরুজ্জামান পাটওয়ারী নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য।
তাঁকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগের আন্দোলনসহ সরকারবিরোধী বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন।
জেলা পুলিশ জানায়, ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে।
এর মধ্যে কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাতজন, চন্দ্রগঞ্জে চারজন ও রায়পুরে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




