আকাশে ভেসে আসা নদী: যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমে পরপর ‘অ্যাটমোস্ফিয়ারিক রিভার’-এর ভারী বৃষ্টি
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম অঞ্চলের জন্য বছরের সবচেয়ে আর্দ্র সময় চলছে। এই সপ্তাহে ভারী বৃষ্টি, জোয়ারের উচ্চতা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় পশ্চিম উপকূলে এর প্রভাব পড়ছে।
শুক্রবার ও শনিবার পরপর দুটি ‘অ্যাটমোস্ফিয়ারিক রিভার’ বা বায়ুমণ্ডলীয় নদী ওরেগন ও ওয়াশিংটন রাজ্যের কিছু অংশে ভারী বৃষ্টি ঝরাবে। এই সপ্তাহের শুরুর দিকেও আরও দুটি বায়ুমণ্ডলীয় নদী দুই রাজ্যে কয়েক ইঞ্চি বৃষ্টি ঝরিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসনের (এনওএএ) ওয়েদার প্রেডিকশন সেন্টারের আবহাওয়াবিদ জোশ ওয়েইস বলেন, একাধিক বায়ুমণ্ডলীয় নদীর পরপর প্রভাব জমতে থাকলেই সমস্যা বাড়ে। এসব প্রভাবের মধ্যে রয়েছে আকস্মিক বন্যা, শহুরে বন্যা ও এমনকি ভূমিধস।
ওয়েইসের ভাষ্য অনুযায়ী, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলা এই বছরের বায়ুমণ্ডলীয় নদীর মৌসুম দ্রুতগতিতে শুরু হয়েছে।
বায়ুমণ্ডলীয় নদী হলো বাতাসে ঠেলে নিয়ে যাওয়া জলীয় বাষ্পের একটি সরু স্রোত। আর্দ্রতায় ভরা এই স্রোত বৃষ্টি বা তুষার ঝরায়।
ইউসি সান ডিয়েগোর স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির সেন্টার ফর ওয়েস্টার্ন ওয়েদার অ্যান্ড ওয়াটার এক্সট্রিমসের পরিচালক এফ. মার্টিন রালফ বলেন, এসব নদী ২ হাজার মাইল পর্যন্ত লম্বা ও ৬০০ মাইল পর্যন্ত চওড়া হতে পারে।
বায়ুমণ্ডলীয় নদী নিয়ে শীর্ষ গবেষকদের একজন রালফ বলেন, ‘এটি আক্ষরিক অর্থেই আকাশে একটি নদী।’ তাঁর ভাষ্য অনুযায়ী, এগুলো একটি স্বাভাবিক জলবায়ু ধারা।
ওয়েইস বলেন, ক্যালিফোর্নিয়ার বৃষ্টির প্রায় ৫০ থেকে ৬০ শতাংশই আসে বায়ুমণ্ডলীয় নদী থেকে।
প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমের বাসিন্দারা ভারী বৃষ্টিতে অভ্যস্ত। তবে এবার বায়ুমণ্ডলীয় নদীগুলো আসছে এমন সময়ে, যখন এল নিনোর উষ্ণ সমুদ্রের পানি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়াতে ও ঝড় ব্যবস্থাকে শক্তি জোগাতে ভূমিকা রাখছে। একই সময়ে বার্ষিক উচ্চ জোয়ার ‘কিং টাইড’-ও মিলে যাচ্ছে। এতে পশ্চিম উপকূলের উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথ বন্যার ঝুঁকিতে রয়েছে।
রালফ বলেন, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ৪০ বছরের তথ্য অনুযায়ী, পশ্চিম যুক্তরাষ্ট্রে বন্যাজনিত ক্ষতির ৯০ শতাংশ বা তার বেশি হয় বায়ুমণ্ডলীয় নদী থেকে।
সিয়াটলে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জেফ মিচালস্কি বলেন, এই সপ্তাহান্তে ওয়াশিংটনের উপকূলে উল্লেখযোগ্য ২০ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।
বায়ুমণ্ডলীয় নদীগুলোকে তাদের ডাকনাম দিয়েও চেনেন অনেকে, যেমন ‘পাইনঅ্যাপল এক্সপ্রেস’ বা ‘রাম রানার এক্সপ্রেস’। এসব নাম বায়ুমণ্ডলীয় নদীটির উৎস বোঝায়। অক্টোবরের শেষ দিকে হাওয়াই থেকে প্রশান্ত মহাসাগর পেরিয়ে আসা একটি পাইনঅ্যাপল এক্সপ্রেস দক্ষিণ-পশ্চিমের ফোর কর্নার্স অঞ্চলে ধ্বংসাত্মক বন্যা ও একাধিক মৃত্যুর কারণ হয়েছিল।



