শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে চেষ্টা করে ব্যর্থ দিল্লি, ফেরা নিয়ে দুটি শর্তের আভাস

বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন, সোয়া দুই বছরের বেশি হলো। ইতোমধ্যে বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং কয়েক মাস আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। আজ পর্যন্ত তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন, যদিও দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনতারিখ এখনো জানাননি।
শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিয়ে তাঁর ‘হোস্ট কান্ট্রি’ ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধও প্রায় দুই বছর হতে চলল তারা ঝুলিয়ে রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বারবার বলেছেন, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে।
শেখ হাসিনাকে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরেই। এরপর একাধিকবার সেই মর্মে তাগাদাও দেওয়া হয়েছে। ভারত আজ পর্যন্ত সেই অনুরোধে কোনো সাড়া দেয়নি — হ্যাঁ বা না কিছুই বলেনি।
দিল্লি পুরো বিষয়টি কীভাবে দেখছে, তা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সহজ উত্তর হলো ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি। অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি — দুই পক্ষই এ ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর ইস্যু হয়ে উঠেছে। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে। ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।
ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সেখানে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত উপায়, প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই — সে নিয়েও দিল্লিতে নীতিনির্ধারকরা একমত। ভারতে আশ্রয় পাওয়া বিদেশি অতিথিদের জন্য সরকার নিয়মিত ডিব্রিফিংয়ের আয়োজন করে থাকে; শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন এবং এই সেশনগুলোতে তাঁকে ভারতের এই মনোভাবের কথা তুলে ধরা হয়েছিল। দুই পক্ষ বিষয়টি নিয়ে সহমত হওয়ার পরেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ভারত যদি সত্যিই চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, তাহলে প্রত্যর্পণ অনুরোধ মেনে নিতে অসুবিধা কোথায় — এর উত্তরে ভারতের পর্যবেক্ষকেরা বলছেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু; তাঁকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অতীতে ‘হাতকড়া পরিয়েও’ বিদেশ থেকে বন্দিদের ফেরত পাঠানোর নজির আছে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সেরকম কিছু করবে — তা কল্পনারও অতীত বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেটা করা হলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে; যেমন নেপালে, শ্রীলঙ্কায় বা মালদ্বীপে কোনো নেতাই ভারতকে আর কখনো ভরসা করতে পারবেন না। তা ছাড়া শেখ হাসিনা যখন ২০২৪ সালের ৫ আগস্ট ভারতের মাটিতে পদার্পণ করেন, তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না — ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের চোখে তাঁর সেই ‘স্ট্যাটাসে’ কোনো পরিবর্তন হয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যেকার বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন অনেক আইনি ফাঁকফোকর আছে, যা কাজে লাগিয়ে কোনো অনুরোধ দিনের পর দিন ফেলে রাখা সম্ভব; বাংলাদেশের অনুরোধ নিয়েও ভারত ঠিক সেরকম কিছুই করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার ফেরার জন্য দিল্লিতে সরকারি কর্মকর্তারা দুটি প্রধান শর্তের আভাস দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে — তাঁকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রক্রিয়া আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে; মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।
দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয় — বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে। তবে এই দাবি যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করছে না। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, ‘আমরা কখনোই জেনেবুঝে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’ সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানিয়েছেন। এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা এখানে কতটা গুরুত্বপূর্ণ, সে প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী যখন কিছুটা আকস্মিকভাবে এক অনির্ধারিত সফরে দিল্লিতে আসেন, তখন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও তিনি দেখা করেছিলেন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও। ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বিবিসিকে বলেন, ‘বাংলাদেশে আমাদের হাইকমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনো কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।’ তিনি আভাস দিয়েছিলেন, সেই কারণটা আর কিছুই নয় — শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীরও একটা সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই-আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে যতই ওঠাপড়া থাক, দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ থেকেছে এবং তাতে কখনোই কোনো ছেদ পড়েনি। ভারতে ঠিক এর আগের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তাঁর পূর্বসূরিরাও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ‘চব্বিশের জুলাইয়ের আগে থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাঁদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে।’ ফলে বাংলাদেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার ভার সে দেশের সেনাবাহিনীই নিক, এটাও ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, ‘দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে না, এটাও তো ভারত নিশ্চিত করতে চাইবে। কারণ চাই বা না চাই, এই দায়িত্ব এই মুহূর্তে ভারতের কাঁধেই এসে পড়েছে।’
ডিসেম্বরে শেখ হাসিনা আদৌ ফিরতে পারবেন কি না — এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া এই মুহূর্তে খুব কঠিন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে দিল্লিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেছেন, তাঁদের ধারণা মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক — আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুন। কর্মকর্তাদের ভাষায়, ‘জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ — বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে।’ তার ওপর শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে অনেকগুলো ‘যদি’ বা ‘কিন্তু’ আছে। এই জিগস পাজলের সব টুকরো খাপে খাপে মিলে যাবে — তাও আগামী দুই-তিন সপ্তাহের ভেতর — সেই সম্ভাবনা বেশ সুদূরপরাহত বলেই এই মুহূর্তে ধারণা করা হচ্ছে। ফলে অচিরেই ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ বলেই দিল্লিতে বেশির ভাগ পর্যবেক্ষকের অভিমত, প্রতিবেদনে বলা হয়েছে।
গোটা বিষয়টায় ভারতের কূটনৈতিক লাভ-ক্ষতির প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবতা হলো ভারত যেভাবে চাইছে সেভাবে শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন — এটা প্রথম দিন থেকেই দিল্লির জানা ছিল। তারপরেও শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা করেছেন, আর সেটা দিল্লির সায় নিয়েই করেছেন। এর কারণ হলো, দিল্লি মনে করছে যদি তিনি শেষ পর্যন্ত এখন নাও ফিরতে পারেন — তাতেও ভারতের সেই অর্থে হারানোর কিছু নেই। দিল্লিতে সাউথ ব্লকের এক কর্মকর্তার ভাষায়, ‘আমরা এটুকু তো তখন বলতেই পারব, শেখ হাসিনা নিজে থেকে ফিরতেই চেয়েছিলেন — কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দিয়েছে বলেই সেটা সম্ভব হয়নি।’ পাশাপাশি শেখ হাসিনার ফেরার ঘোষণায় বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরাও অনেক উজ্জীবিত বোধ করছেন; ভারত যেহেতু চায় বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটুক, ফলে শেখ হাসিনার ফেরার ঘোষণার সেটাও একটা ইতিবাচক দিক বলে দিল্লি মনে করছে। এই বছরের ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন তা বলা কঠিন — কিন্তু শেষ পর্যন্ত যদি তিনি ভারতের মাটিতেই থেকে যান, তাঁর উপস্থিতিকে ‘জাস্টিফাই’ করার জন্য তাদের হাতে তখন বাড়তি যুক্তি থাকবে বলে দিল্লি মনে করছে, প্রতিবেদনে বলা হয়েছে।



