উল্লাপাড়ার দক্ষিণ গাইলজানি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে বসুন্ধরা শুভসংঘের উল্লাপাড়া উপজেলা শাখা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
পড়াশোনার পাশাপাশি আনন্দময় পরিবেশে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতে আয়োজিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য, গান ও বুদ্ধির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতা। শিশুদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশ ও উৎসাহিত করতে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ প্রশংসনীয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ শিশুদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে তিনি মন্তব্য করেন।
মোস্তাফিজুর রহমান প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শলকী রানী বলেন, ২৬ বছরের শিক্ষকতা জীবনে এমন সৃজনশীল আয়োজন আগে দেখেননি। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের অনুষ্ঠান কার্যকর বলে তিনি মন্তব্য করেন এবং প্রতিবছর বিদ্যালয়ে এমন আয়োজন করা হলে শিক্ষার্থীরা আরও উৎসাহ পাবে বলে জানান। তিনি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা রবিউল আলম বলেন, ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অংশ নেওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসিন জানায়, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান ও নাচের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে সে আনন্দিত। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ জাকিয়া খাতুন বলে, আয়োজনটি তার খুব ভালো লেগেছে এবং এ ধরনের অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ আয়েশা খাতুনও প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করে।
সাংবাদিক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম ও প্রধান শিক্ষিকা শলকী রানী। এ সময় আরও উপস্থিত ছিলেন শুভসংঘের উল্লাপাড়া শাখার সাধারণ সম্পাদক শাহআলম সরকার, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য শর্মিলা স্বপ্না, শামীমা আফরোজ ও আলোমনিসহ সংগঠনের অন্য সদস্যরা।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেন।




