লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জমিতে ঘর তোলার অভিযোগ দুই বিএনপি নেতার বিরুদ্ধে, কাজ বন্ধের নির্দেশ
লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের পতিত জমিতে টিনের ঘর নির্মাণ করে অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতা রিয়াজ হোসেন ও সাইফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সাকি হোসেন ও সার্ভেয়ার শাহরিয়ার হোসেন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
রিয়াজ হোসেন ভবানীগঞ্জ মিয়াবেড়ি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সোহাগ ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি। অভিযোগে বলা হয়েছে, জমিটি দখলে নিতে তাদের সহযোগিতা করছে তারেক, রুবেল, রাজু, রাজা ও সোহেল; তারা একই মিয়ার বেড়ি এলাকার বাসিন্দা।
তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি বাজারের দক্ষিণ অংশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে টিনের ঘর নির্মাণ করেছেন। এবার সেখানে পাকা স্থাপনা নির্মাণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে; সরেজমিনে গিয়ে ওই জমিতে বালু ভরাটের কাজ করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ার বেড়ি বাজারের দক্ষিণ অংশে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ না নিয়েই দুই মাস আগে টিনের ঘর নির্মাণ করা হয়। এখন পাকা স্থাপনা নির্মাণের উদ্দেশে ইট-বালু আনা হয়েছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের বসার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় জায়গাটিতে বালু ফেলে ঘর নির্মাণ ও মেরামত করে বসার ব্যবস্থা করা হয়েছে। তবে জায়গাটি নিয়ে কিছুটা বিরোধ রয়েছে বলেও তিনি জানান।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাসির হোসাইন বলেন, প্রাথমিকভাবে থানায় অভিযোগ দেওয়া হবে। পাশাপাশি সাত দিনের মধ্যে ঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে। নির্দেশ অমান্য করলে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




