যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানে আস্থা হারাচ্ছে ইউরোপ, জরিপে ৮৪ ও ৯৩ শতাংশের অনাস্থা

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থা কমছে ইউরোপে বসবাসকারীদের। নিজেদের তথ্য স্থানীয়ভাবে সংরক্ষণ এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে কয়েক বছর ধরে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ।
গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকোর এক জরিপে দেখা গেছে, ইউরোপের প্রতি ১০ জনের মধ্যে আটজনের বেশি মানুষ তাদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্র বা চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছে থাকাকে নিরাপদ মনে করেন না। স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড ও বেলজিয়ামের ৬ হাজার ৬৯৮ জন নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়।
জরিপে দেখা গেছে, ইউরোপের প্রায় ৮৪ শতাংশ মানুষ ব্যক্তিগত তথ্য দায়িত্বশীলভাবে পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখেন না। চীনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই অনাস্থা আরও বেশি — ৯৩ শতাংশ মানুষ মনে করেন, চীনের প্রতিষ্ঠানগুলো তথ্যের সুরক্ষায় দায়িত্বশীল নয়। অন্যদিকে ইউরোপে অবস্থিত প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা রেখেছেন ৫১ শতাংশ মানুষ।
দেশভিত্তিক ফলাফলে জার্মানির ৯১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের এবং ৯৮ শতাংশ মানুষ চীনের প্রতিষ্ঠানকে বিশ্বাস করেন না। যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিষ্ঠানের প্রতি তুলনামূলক বেশি আস্থা রয়েছে পোল্যান্ডের মানুষের — দেশটির ৩৮ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের ও ২০ শতাংশ মানুষ চীনের প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখেন। ইউরোপের প্রতিষ্ঠানগুলোর প্রতি সবচেয়ে বেশি আস্থা বেলজিয়ামের মানুষের, ৫৯ শতাংশ।
ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন বা জিডিপিআর অনুযায়ী, ইউরোপে বসবাসকারীদের তথ্য প্রক্রিয়া করা যেকোনো প্রতিষ্ঠানকে কঠোর গোপনীয়তা নীতি মেনে চলতে হয়। তবে যুক্তরাষ্ট্র ও চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের অধীনে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ নিজ দেশের যেকোনো প্রতিষ্ঠানের কাছে ব্যবহারকারীদের তথ্য চাইতে পারে। এই ঝুঁকি ইউরোপের আদালত ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
ডিজিটাল নীতিনির্ধারণ ও পারস্পরিক আস্থার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দূরত্ব বাড়ছে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র রেসিডেন্ট ফেলো মার্ক স্কট বলেন, ব্রাসেলস ও ওয়াশিংটন এখন আর মুক্ত বাণিজ্য, ন্যাটো বা বাক্স্বাধীনতার মতো মৌলিক বিষয়গুলোতেও একমত হতে পারছে না।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ২০২৪ সালে পুনরায় দায়িত্ব নেওয়ার পর থেকে ডিজিটাল সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে আসছেন। গত জুন মাসে ব্রাসেলস ইউরোপিয়ান টেকনোলজিক্যাল সভরেনটি প্যাকেজ ঘোষণা করেছে, যার লক্ষ্য ইউরোপের ভেতরেই উন্নত সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরি করা। ভন ডার লেন বলেছেন, হাসপাতাল সচল রাখা, বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রাখা ও সেবাগুলো নিরাপদ রাখার প্রযুক্তির জন্য অন্যদের ওপর নির্ভর করা যায় না।
তবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর ইউরোপের দেশগুলোর নির্ভরতা রয়েই গেছে। সরকারি নীতিমালা থেকে শুরু করে স্বাস্থ্য ও করের নথিও এখন মাইক্রোসফট বা অ্যামাজনের সার্ভারে সংরক্ষিত রয়েছে। এর মধ্যেই অস্ট্রিয়ার সামরিক বাহিনী মাইক্রোসফট বর্জন করে ইউরোপের ওপেনসোর্সনির্ভর সেবা ব্যবহার করছে, আর ডেনমার্কের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ দেশটির স্কুলগুলোতে গুগল ল্যাপটপ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।


