বিশ্ববিদ্যালয় ক্রিকেট থেকে প্রতিভা খুঁজবে এবিজি, জানুয়ারিতে ৩২ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে ভবিষ্যতে নিজেদের ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে এবিজি। এ জন্য দীর্ঘমেয়াদি বাছাই ও পরিচর্যার একটি প্রক্রিয়া গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।
শুক্রবার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
ম্যাচ চলাকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান। তিনি বলেন, ‘আমরা চাই দেশের তরুণ সমাজ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকুক। এবিজি স্পোর্টস সিটিতে কর্মসংস্থানেরও অনেক সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের যোগাযোগ তৈরি হচ্ছে। আমরা আশা করছি, এর মাধ্যমে এবিজি স্পোর্টস সিটিতে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ হবে।’
বিশ্ববিদ্যালয় ক্রিকেটে প্রতিভার সন্ধান পাওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। ফাইনাল দেখতে এসে কয়েকজন ব্যাটসম্যানের পারফরম্যান্সে মুগ্ধ হওয়ার কথা জানিয়ে ইমরুল হাসান বলেন, ‘আজকের ফাইনালে আপনারা দেখেছেন, কয়েকজন ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করছে। তাদের যথাযথভাবে গাইড করা গেলে হয়তো শুরুতে জাতীয় দলে না হলেও অন্তত প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। তাদের পরিচর্যা করা গেলে ভবিষ্যতে জাতীয় দলেও সার্ভিস দিতে পারবে।’
ফুটবলে বসুন্ধরা কিংসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বসুন্ধরা কিংসের ফুটবল দল রয়েছে। পাশাপাশি আমরা ভবিষ্যতে ক্রিকেটেও আসব। আমাদের ইচ্ছে, এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দীর্ঘমেয়াদি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে আমাদের ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করা।’
ইমরুল হাসান আরও বলেন, ‘আগামী জানুয়ারিতে অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়তে পারে। পর্যায়ক্রমে এই আয়োজনের পরিসর আরও বাড়ানো হবে।’




