ফারহান জানির ১১ ছক্কায় ফাইনালে ২০৫ রান ইউল্যাবের, সোনারগাঁওয়ের লক্ষ্য ২০৬

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে ব্যাট হাতে সব আলো কেড়ে নিলেন ইউল্যাবের ওপেনার ফারহান জানি। তার ১১ ছক্কার বিধ্বংসী ইনিংসে সোনারগাঁও ইউনিভার্সিটির বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২০৫ রান তুলেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। শিরোপা জিততে সোনারগাঁওয়ের লক্ষ্য ২০৬ রান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ইউল্যাবের দুই ওপেনার ফারহান জানি ও শাবাব জামিল ফেরদাউস। উদ্বোধনী জুটিতে ১০.৩ ওভারে ৯৩ রান যোগ করেন তারা।
৩টি চার ও ২টি ছক্কায় ১২০ স্ট্রাইক রেটে ব্যাট করা ফেরদাউসকে ফাহিমের ক্যাচে পরিণত করে প্রথম সাফল্য পায় সোনারগাঁও।
এরপর ক্রিজে এসে ফারহানের সঙ্গে ঝড় তোলেন জাকিরুল আহমেদ। ১৮০ স্ট্রাইক রেটে ২টি চার ও ২টি ছক্কায় দ্রুত রান তুলছিলেন তিনি। তবে দলীয় ১৪৯ রানে ফাহিমের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফিরতে হয় জাকিরুলকে। তাতে ইউল্যাবের রানের গতি থামেনি।
এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ফারহান। ৩টি চার ও ১১টি ছক্কায় ১৭৮.৬৯ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। শেষ দিকে ঝড় তোলেন মাহবুব নিলয়ও — ৫টি চারে ১৬২.৫০ স্ট্রাইক রেটে অপরাজিত থাকেন তিনি।
সোনারগাঁওয়ের বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যায়ী ছিলেন আসিফ হাসান। ৪ ওভারে মাত্র ১১ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। জীবন ৪ ওভারে খরচ করেন ৪৪ রান। মাইদুল ইসলাম শিকার করেন একটি উইকেট।
মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও ছিল সমান উত্তেজনা। ইউল্যাবের ব্যাটারদের চার-ছক্কার সঙ্গে পাল্লা দিয়ে স্লোগান আর চিৎকারে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্যাটারদের চাপে রাখতে সোনারগাঁও সমর্থকদের গ্যালারি থেকে বারবার শোনা গেছে 'ভুয়া, ভুয়া' স্লোগান।
সংখ্যার বিচারে গ্যালারিতে সোনারগাঁও ইউনিভার্সিটির সমর্থকই ছিলেন বেশি; গ্যালারির বড় একটা অংশজুড়ে ছিল তাদের উৎসবের আবহ। সংখ্যায় পিছিয়ে থাকলেও ইউল্যাবের শিক্ষার্থীরাও দলকে সমর্থন দিতে পিছিয়ে ছিলেন না। কেউ দলীয় জার্সি পরে, কেউ পতাকা হাতে গলা ফাটিয়ে সমর্থন দিয়েছেন প্রিয় দলকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গ্যালারিতে এসে সোনারগাঁওকে সমর্থন জানিয়েছেন।
সোনারগাঁওয়ের শিক্ষার্থী রাতুল বলেন, 'প্রথম ম্যাচ থেকে আমাদের দল দারুণ ক্রিকেট খেলছে। প্রতিপক্ষ হিসেবে ইউল্যাবও সেরা দল। তবুও এই শিরোপা আমরাই জিতব। আমাদের ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। যত রানই হোক না কেন, আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।' ফরহাদ ও আনিকসহ আরও অনেক শিক্ষার্থী দলকে সমর্থন জানাতে গ্যালারিতে এসেছিলেন।
ইউল্যাবের শিক্ষার্থী আফরিনা বলেন, 'সবাই মিলে আমরা আনন্দ করছি। এটাই বড় কথা। আশা করি আমরাই জিতব। তবে জিততে না পারলেও মন খারাপের কিছু নেই। ইউল্যাব দারুণ দল, গর্ব করার মতো দল।'
ফাইনালের প্রথম ইনিংস শেষে তাই লড়াইটা এখন সোনারগাঁওয়ের ব্যাটারদের। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে হবে তাদের, যেখানে প্রতিপক্ষ গ্যালারির চাপও সামলাতে হবে — কারণ এই ম্যাচে বোলারদের লড়াইটা শুধু উইকেটে দাঁড়ানো ব্যাটারদের বিপক্ষে নয়, গ্যালারির প্রতিপক্ষ শিক্ষার্থীদের শব্দ আর স্লোগানের বিপক্ষেও।




