আফগান সীমান্তে ধারাবাহিক অভিযানে ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহতের দাবি পাকিস্তান সেনাবাহিনীর
আফগানিস্তানের সঙ্গে সীমান্তঘেঁষা এলাকাগুলোতে ধারাবাহিক অভিযানে ৭৪ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর সংবাদ বিভাগ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিবৃতি অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে ৩ নভেম্বর থেকে চালানো অভিযানে ৩১ জন নিহত হয়েছেন। অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও সেনাবাহিনী জানিয়েছে।
বেলুচিস্তানে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের সশস্ত্র গোষ্ঠী তৎপর। এই গোষ্ঠী পাকিস্তান থেকে অঞ্চলটির স্বাধীনতা চায় এবং সেখানে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সেনাবাহিনীর পরের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত দুই দিনে মির আলীতে আলাদা অভিযানে আরও ৩৫ জন যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে ওরাকজাইয়ে অভিযানে নিহত হয়েছেন আরও আটজন। এসব অভিযানেও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মির আলী ও ওরাকজাই—দুটি জেলাই উত্তরাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এই প্রদেশে পাকিস্তানি তালেবান বা টিটিপিসহ আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিহত যোদ্ধাদের সেনাবাহিনী ‘খাওয়ারিজ’ বলে অভিহিত করেছে। সেনাবাহিনীর ভাষায়, আফগানিস্তানের মদদপুষ্ট যোদ্ধাদের বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়, যার মধ্যে টিটিপিও রয়েছে।
পাকিস্তানি কর্তৃপক্ষের বিশ্বাস, টিটিপি আফগানিস্তানের সীমান্তের ওপারের এলাকা থেকে তৎপরতা চালায় এবং সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের ভেতরে বেড়ে যাওয়া হামলার পেছনে এই গোষ্ঠী দায়ী। টিটিপি আফগান তালেবানের মিত্র হলেও দুটি গোষ্ঠী আলাদা; আফগান তালেবান ২০২১ সালে ক্ষমতায় আসে।
ইসলামাবাদ অভিযোগ করে আসছে, এসব সশস্ত্র গোষ্ঠীকে ভারত ও আফগানিস্তান মদদ দিচ্ছে। তবে দিল্লি ও কাবুল উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক বিবৃতিতে বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক সাফল্য জাতীয় সংকল্প ও পেশাদার সক্ষমতার প্রতিফলন। পাকিস্তানের নিরাপত্তা ক্ষুণ্ন করতে চাওয়া বাইরে থেকে মদদপুষ্ট সন্ত্রাসী উপাদানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।’
সীমান্ত এলাকার এই উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়ার কোহাট জেলায় কথিত টিটিপি যোদ্ধাদের অতর্কিত হামলায় অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সীমান্তকেন্দ্রিক হামলা ইসলামাবাদ ও কাবুলের সম্পর্কে টানাপোড়েন বাড়িয়েছে এবং দুই পক্ষের সশস্ত্র সংঘাতে বেসামরিক প্রাণহানিও ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

