ব্যবহারকারীর পুরো তথ্য না দেওয়ায় টিন্ডারের মালিককে ১ কোটি ১০ লাখ ইউরো জরিমানা
ব্যবহারকারীদের চাওয়ার পর তাঁদের ব্যক্তিগত তথ্যের পূর্ণ অনুলিপি না দেওয়ার দায়ে ডেটিং অ্যাপ টিন্ডারের মালিক ম্যাচ গ্রুপকে ১ কোটি ১০ লাখ ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা।
আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি) শুক্রবার জানায়, ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত তথ্য ডাউনলোড করতে টিন্ডারের যে ‘ডাউনলোড মাই ডেটা’ টুল ব্যবহার করেন, তা মানসম্মত নয়।
ডিপিসি ২০২০ সালের জানুয়ারিতে এ বিষয়ে তদন্ত শুরু করেছিল। তদন্তে দেখা হয়, টুলটি ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) মেনে চলছে কি না।
শুক্রবার ঘোষিত সিদ্ধান্তে ডিপিসি বলেছে, টুলটি ব্যবহারকারীদের তাঁদের সব ব্যক্তিগত তথ্য দেয়নি। কিছু শ্রেণির তথ্য বাদ দেওয়া হয়েছে, আবার কোনো ক্ষেত্রে ব্যবহারকারীদের শুধু তথ্যের সারসংক্ষেপ দেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, টুলটি জিডিপিআরের শর্ত পূরণ করেনি। জিডিপিআর অনুযায়ী, কোনো কোম্পানি একজন ব্যক্তির বিষয়ে যেসব ব্যক্তিগত তথ্য রাখে, সেগুলোতে ওই ব্যক্তির প্রবেশাধিকার রয়েছে।
আইরিশ ডিপিসির ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল বলেছেন, স্বয়ংক্রিয় প্রবেশাধিকারের টুল মানুষকে তাঁদের ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে কার্যকর ও দক্ষ উপায় হতে পারে, তবে তথ্য কতটা দেওয়া হচ্ছে, সে বিষয়ে টুলগুলোকে ব্যক্তির কাছে ন্যায্য ও স্বচ্ছ হতে হবে।
ম্যাচ গ্রুপকে ১ কোটি ১০ লাখ ইউরো জরিমানার পাশাপাশি তিরস্কার করা হয়েছে এবং তিন মাসের মধ্যে তথ্য প্রক্রিয়াকরণকে জিডিপিআরের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ম্যাচ গ্রুপের একজন মুখপাত্র বলেছেন, কোম্পানি আপিল করবে। তিনি বলেন, এই তদন্তজুড়ে টিন্ডার ডিপিসির সঙ্গে যুক্ত ছিল এবং ব্যবহারকারীদের জন্য তৈরি গোপনীয়তা সুরক্ষার পক্ষে তারা অবস্থান নিচ্ছেন।

