রাবেয়ার ঘূর্ণি আর দিলারার ফিফটিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা
মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। রাবেয়া খানের ঘূর্ণি বোলিংয়ের পর দিলারা আক্তারের অপরাজিত ফিফটিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে টিম টাইগ্রেস।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সেই হারের ধাক্কা কাটিয়ে জয় তুলে নিল তারা।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৩১ রান তোলে তারা।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৪০ রান করেন চিপো মুগেরি-তিরিপানো। ২৯ বলে ৩৫ রান করেন জোসেফিন এনকোমো। কেলিস এনধলোভু করেন ২২ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান ৩ উইকেট নেন। দিশা বিশ্বাস নেন ২ উইকেট এবং রিতু মনি নেন ১ উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানী। দুজনে ১০৪ রানের জুটি গড়েন।
১৩তম ওভারের শেষ বলে সাথী আউট হলে এই জুটি ভাঙে। সাথী ৪৫ রান করেন। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি নেন মিশেল মাভুঙ্গা।
এরপর শারমিন আক্তারকে নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন দিলারা। তিনি ৪৯ বলে ৮ চারে ৬৮ রানে অপরাজিত থাকেন। শারমিন ১৩ বলে ৬ রান করেন।
১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।



